কুড়িগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি আদায়ে ১০ দিনের নতুন কর্মসূচি দিয়েছে ভারত-বাংলাদেশের অভ্যন্তরের ছিটমহলবাসীরা।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দাবি আদায়ে গণসংযোগ, গণস্বাক্ষর সংগ্রহ অভিযান, নি¯প্রদীপ সন্ধ্যা পালন, মোমবাতি প্রজ্জ্বলন, সাইকেল মিছিল এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ও ভারতে পৃথক সংবাদ সম্মেলনে এসব অভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয় বলে জানিয়েছেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন। এসময় সেখানে কুড়িগ্রামের ১২টি এবং লালমনিরহাট জেলার ৫৯টি ভারতীয় ছিটমহলের নেতারা উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ের গাড়াতি ছিটমহলে সংবাদ সম্মেলনে অনুরূপ কর্মসূচির কথা জানান সংগঠনের সহ-সভাপতি আনোয়ার সাদত আনুশ। এসময় সেখানে পঞ্চগড়ের ৩৬টি এবং নীলফামারীর চারটি ছিটমহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একই সময়ে ভারতের কুচবিহার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিন্ন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের ভারতীয় শাখার সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা অ্যাড. আহসান হাবীব, মনসুর আলী, আব্দুল মোত্তালেব প্রমুখ।
বাংলাদেশের ভেতরে ১১১টি ভারতীয় ছিটমহল এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতে ঢাকায় স্থলসীমা নিয়ে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ১৯৭৪ সালের চুক্তির আওতায় ছিটমহল বিনিময় করবে দুই দেশ। এ ছাড়া দুই দেশের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার অচিহ্নিত সীমানা এবং অপদখলীয় ভূমি সমস্যারও সমাধান করা হবে এ প্রটোকলের আওতায়।
তবে প্রটোকলে ছিটমহল বিনিময় বিষয়ে নির্দিষ্ট সময় বা প্রক্রিয়া নিয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ নেই- এমন অভিযোগে দুই দেশের ছিটমহলের নাগরিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। তাদের আশঙ্কা, বিষয়টি আবারো ঝুলে গেছে।
ছিটমহল বিনিময় চুক্তি দ্রুত বাস্তায়নের দাবিতে গত ১০ ও ১১ সেপ্টেম্বর 'অন্ধকারে থাকার' এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করে বাংলাদেশ ও ভারতের ছিটমহলের অধিবাসীরা। আন্দোলনের ধারাবাহিকতায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান ছিটমহলের নেতা গোলাম মোস্তফা।
কুড়িগ্রামের সংবাদ সম্মেলনে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার সভাপতি শাহাদৎ হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি মইনুল হক, দাশিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন, লারমনিরহাটের রমজান আলী, সাহেবগঞ্জের হাসেম আলী, গাড়োর জোড়ে'র মমিনুল ইসলাম, গাওচুলকা ছিটের মতিয়ার রহমান, মোজাফ্ফর হোসেন, আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/০১৫৩ ঘ.
bdnews24