মৌলভীবাজার, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জে দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় বৃহস্পতিবার দুপুরে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী এ সাজা দেন। দণ্ডিত নছুর খাঁন (২০) উপজেলার শমসেরনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত হুছন খাঁনের ছেলে।
গোবিন্দপুর গ্রামের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে এ সাজা দেওয়া হয় বলে কমলগঞ্জ থানার ওসি মো. নাজিম উদ্দিন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কালিপুর গ্রাম থেকে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় কালিপুর-শংকরপুর ইদগার সামনে নছুর তার ওড়না ধরে টানাটানি করে।
ওই সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নছুরকে আটক করে। পরে তাকে পুলিশে দেওয়া হয়।
খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলা ২টায় ইউএনও কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নছুরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বলে ওসি জানান।
দণ্ডাদেশ কার্যকরের জন্য নছুরকে পরে মৌলভাবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24