বান্দরবান, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন 'বৈষম্য' দূর করার দাবিতে এক মাসের ব্যবধানে বান্দরবানের মেঘলায় তৈরি পোশাক কারখানা 'লুম্বিনী স্যুয়েটার লিমিটেড'র শ্রমিকরা আবারো কর্মবিরতি করেছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মবিরতি চলে। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা কাজে ফিরে যায়।
একই দাবিতেই গত ১৩ অগাস্ট তারা প্রথম কর্মবিরতি করে। মালিকপক্ষের আশ্বাসে একদিন পর কাজে যোগ দিলেও দাবি পূরণ হয়নি বলে শ্রমিকরা জানায়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানার অধিকাংশ শ্রমিকই স্থানীয়। কিছু শ্রমিককে বাইরে থেকে এনেছে মালিক পক্ষ। যারা স্থানীয় তাদের বেতন বাইরে থেকে আসা শ্রমিকদের তুলনায় অর্ধেক বলে দাবি করেন তারা।
মালিকপক্ষ আগে এই বৈষম্য কমানোর আশ্বাস দিয়েও তা পূরণ করেনি।
লুম্বিনী লিমিটেডের উপদেষ্টা কাজী মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের নির্ধারিত বেতনের চাইতে কম দেওয়া হচ্ছে কথাটি সত্য নয়। তাদের পারিশ্রমিক তিন ক্যাটাগরির ভিত্তিতে দেওয়া হচ্ছে। ভুল বোঝাবুঝির কারণে এই সমস্যা হয়েছে বলে জানান তিনি।
দুপুরে তাদের সঙ্গে শ্রমিকদের ফলপ্রসূ আলোচনার পর আবার কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
কারখানার সিনিয়র অপারেটর রেজাউল করিম জানান, এখানে শ্রমিকদের মধ্যে বেতন বৈষম্য রয়েছে। একই পদে কাজ করেও সবাই সমান বেতন পচ্ছে না।
একই ধরনের অভিযোগ করেন শ্রমিক নুরুন্নাহার বেগম ও রাহিমা আক্তার।
নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন নারী শ্রমিক জানান, কারখানায় একই পদে সমান কাজ করেও কারো বেতন তিন থেকে সাড়ে ৫ হাজার টাকা, আবার কয়েকজনের বেতন ৮ হাজার টাকা।
২০১০ সালে বান্দরবানে এই তৈরি পোশাক কারখানা চালু হয়। এখানে কর্মরত ৪১২ জনের মধ্যে তিন শতাধিক স্থানীয় শ্রমিক-কর্মচারী রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/০০১০ ঘ.
bdnews24