২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ গণপূর্ত অফিসে ভাংচুর, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ গণপূর্ত অফিসে ভাংচুর ও নির্বাহী প্রকৌশলীকে হুমকির অভিযোগে শহর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাইদুল হক বাবু ওরফে এল বাবুকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 05:32 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ গণপূর্ত অফিসে ভাংচুর ও নির্বাহী প্রকৌশলীকে হুমকির অভিযোগে শহর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাইদুল হক বাবু ওরফে এল বাবুকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে গণপূর্ত কর্মচারী ইউনিয়ন তাৎক্ষণিকভাবে একটি প্রতিবাদ সভা করে হুমকিদাতা ও ভাংচুরকারীদের গ্রেপ্তার দাবি করেছে। নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এল বাবু ও রাশেদ নামে দুই যুবক তার অফিসে ঢুকে গতকাল (মঙ্গলবার) অফিসে টেন্ডার গ্রহণ করা সম্পর্কিত বিষয়ে জানতে চান। কিন্তু তাদের জানানো হয় মঙ্গলবার কোনো টেন্ডার গ্রহণ করা হয়নি। তখন তারা তাকে (প্রকৌশলী) অশালীন ভাষায় গালমন্দ এবং এক পর্যায়ে পেপার ওয়েট ছুঁড়ে টেবিলের গ্লাস ভাংচুর করে। তাকে প্রাণনাশেরও হুমকি দেয় তারা। এরপর কক্ষ থেকে চলে যায়। এ ব্যাপারে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সভাপতি ফজলুর রহামান জানান, নির্বাহী প্রকৌশলীর কক্ষ ভাংচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে তাৎক্ষণিক সভা করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম বাদী হয়ে সাইদুল হক বাবু ওরফে এল বাবু ও রাশেদ সর্দারকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৮ ঘ.