জয়পুরহাট, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের হস্তক্ষেপে জয়পুরহাট সদর উপজেলায় একটি হিল্লা বিয়ে প- হয়ে গেছে।
এ বিয়ে আয়োজনের অভিযোগে স্থানীয় মসজিদের ইমামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।
বুধবার সন্ধ্যায় ইছুয়া গ্রামে এক রিকশা চালকের স্ত্রীর সঙ্গে এই বিয়ের আয়োজন করা হয়েছিল।
গ্রেপ্তার তিনজন হলেন ওই গ্রামের স্থানীয় মসজিদের ইমাম মামুনুর রশিদ (৩০), এলাকার মাতবর আব্দুল লতিফ (৬৫) ও আফজাল হোসেন (৬৪)।
জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) ফরিদ হোসেন সাংবাদিকদের জানান, গ্রামের রিকশা চালক উজ্জ্বল হোসেনের (৩০) সঙ্গে প্রায় ১০ বছর আগে নওগাঁর ধামইরহাট উপজেলার মাইসন্তোস গ্রামের জয়না খাতুনের (২৫) বিয়ে হয়। তাদের দুই মেয়ে রয়েছে।
মাস খানেক আগে স্ত্রী জয়নারের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে উজ্জ্বল রাগের মাথায় মৌখিকভাবে তিন তালাক উচ্চারণ করেন।
খবরটি গ্রামে ছড়িয়ে পড়লে এলাকার ফতোয়াবাজরা এই দম্পতিকে পরস্পর থেকে পৃথক রাখে এবং সমাজচ্যুত করে। বুধবার রাতে তারা হিল্লা বিয়ের আয়োজন করে।
এলাকার লোকজন বিষয়টি প্রশাসনকে জানালে রাত সাড়ে ৮টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাফিন এবং সদর থানার ওসি ফরিদ হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে হিল্লা বিয়ে বন্ধ করেন।
পুলিশ কর্মকর্তা আরো জানান, এ ব্যাপারে জয়নার স্বামী বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৭ ঘ.
bdnews24