২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক জ্বালানি মন্ত্রীদের বৈঠকের আগে সভায় কর্মকর্তারা

সার্ক জ্বালানিমন্ত্রীদের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন এ আঞ্চলিক জোটভুক্ত দেশগুলোর কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 07:41 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক জ্বালানিমন্ত্রীদের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন এ আঞ্চলিক জোটভুক্ত দেশগুলোর কর্মকর্তারা। দক্ষিণ এশিয়ায় জ্বালানি সহযোগিতা বাড়ানোর উপায় এবং কৌশলের পথ খুঁজতে এ বৈঠক হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ। রাজধানীতে হোটেল রূপসী বাংলায় বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে মালদ্বীপ বাদে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অন্তর্ভুক্ত অন্যদেশগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছে। অন্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। বৃহস্পতিবার ঢাকায় একই হোটেলে সার্ক জ্বালানিমন্ত্রীদের ওই বৈঠকের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি সার্কের জ্বালানিমন্ত্রীদের চতুর্থ বৈঠক। শেষ বৈঠক হয়েছিলো ২০০৯ সালে শ্রীলঙ্কার কলম্বোতে। শেষ ওই বৈঠকে জ্বালানি বিষয়ক একটি সমন্বিত ধারণাপত্র গৃহীত হয়। সেই সঙ্গে চারটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। কমিটিগুলো তেল ও গ্যাস, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিবিদ্যা বিনিময় নিয়ে কাজ করেছে। আবুল কালাম আজাদ বলেন, বুধবারের বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে সার্কের বিশেষজ্ঞ কমিটির গবেষণা প্রতিবেদন পর্যালোচনা, আন্তঃদেশীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ ও জ্বালানি বিনিময় নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক এনার্জি রেগুরেটরি অথরিটি গঠনের বিষয়টি সভায় উত্থাপন করা হয়েছে। এ অথরিটি ঢাকায় স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে বিদ্যুৎ সচিব জানান। এর আগে ২৫ ও ২৬ জুলাই ঢাকায় এক সভায় ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা বিষয়ে সার্কভুক্ত দেশগুলোর জন্য একটি কর্মপরিকল্পনা এবং খসড়া টার্মস অব রেফারেন্স চূড়ান্ত করে এ জোটের তেল ও গ্যাস সম্পদ বিষয়ক বিশেষজ্ঞ কমিটি। ওই বৈঠকের সিদ্ধান্তমন্ত্রী পর্যায়ের বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৩২০ ঘ.