ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিঠির জন্য যোগাযোগমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টিআইবি বলেছে, গণমাধ্যম সম্পর্কে তার যে মত তা তার কর্মকাণ্ডের স্বচ্ছতার দাবির সঙ্গে মেলে না।
মঙ্গলবার রাতে গণমাধ্যামে পাঠানো এক বিবৃতিতে টিআইবি বলেছে, 'কতিপয় গণমাধ্যম' কর্তৃক 'যোগাযোগ মন্ত্রণালয়ের কথিত দুর্নীতি' বিষয়ে 'অসত্য ও উদ্দেশ্যমূলক' এবং 'অসত্য প্রচারণার' যৌক্তিকতা অনুসন্ধানের আহ্বান জানানো হয়েছে। কিন্তু গণমাধ্যম সর্ম্পকে মন্ত্রীর অবস্থান মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে স্বচ্ছতা সর্ম্পকে তার দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
টিআইবিকে পাঠানো যোগাযোগমন্ত্রীর চিঠিতে বলা হয়, 'ইদানিং দেশের কতিপয় মিডিয়ার যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কে অসত্য প্রচারণা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজকে বিলম্বিত করছে। পত্রিকা ও মিডিয়ার অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ দেশের উন্নয়নে বাধার সৃষ্টি করছে।'
যোগাযোগ মন্ত্রণালয়ের তিন সচিব বরাবর লিখিত মন্ত্রীর অনানুষ্ঠানিক নোট (ইউও নোট) এবং পদ্মা সেতু বাস্তবায়নের প্রক্রিয়ার একটি ঘটনাপঞ্জি সংযুক্ত করার কথা উল্লেখ করা হলেও এ দুটি সংযুক্তির কোনো কপি টিআইবি পায়নি- বলা হয় টিআইবির বিবৃতিতে।
যোগাযোগমন্ত্রীর সততা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের 'সন্দেহের' তারবার্তাভিত্তিক সংবাদ গণমাধ্যমে প্রকাশের ১০ দিনের মাথায় মন্ত্রণালয়ের কার্যক্রম খতিয়ে দেখতে মঙ্গলবারই টিআইবিকে চিঠি দেন সৈয়দ আবুল হোসেন।
যোগাযোগমন্ত্রীর স্বাক্ষর আবুল হোসেন স্বাক্ষরিত 'যোগাযোগ মন্ত্রণালয়ের গত আড়াই বছরের কার্যক্রম মূল্যায়ন প্রসঙ্গে' শিরোনামে চিঠিটি আইবি হাতে পেয়েছে- এ কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, 'এ ধরণের মূল্যায়নের জন্য যেরূপ তথ্য ও সম্পৃক্ততা প্রয়োজন তার নিশ্চয়তা ও উভয় পক্ষের নিকট গ্রহণযোগ্য কার্যপরিধি প্রণয়ন সাপেক্ষে টিআইবি যথাযথ পদক্ষেপ গ্রহণে আগ্রহী।'
যোগাযোগ মন্ত্রণালয়ের আড়াই বছরের বিভিন্ন কর্মকাণ্ড সর্ম্পকে গবেষণালব্ধ মূল্যায়ন প্রণয়নের জন্য টিআইবিকে আহ্বান এবং এ কাজে তার মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার আশ্বাসের জন্য আবুল হোসেনকে ধন্যবাদ জানিয়েছে টিআইবি।
গতবছরের ফেব্র"য়ারিতে ওয়াশিংটনে পাঠানো এক তারবার্তা অনুযায়ী রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, দুর্নীতির অভিযোগ এখনো যোগাযোগমন্ত্রীকে ঘিরে আছে।
এ নিয়ে গত ৩ সেপ্টেম্বর সংবাদ প্রকাশ হলে পরদিন যোগাযোগমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, উন্নয়ন সংক্রান্ত সব তথ্য টিআইবিকে পাঠানো হয়।
এর জবাবে গত ৫ সেপ্টেম্বর টিআইবি বলে, মন্ত্রণালয় যে তথ্য দেয় তার ভিত্তিতে পুরো মন্ত্রণালয়ের কার্যক্রমের স্বচ্ছতা মূল্যায়ন করা সম্ভব নয়। এছাড়া পদ্মা সেতুর নির্মাণকে ঘিরে দুর্নীতির আশঙ্কায় মন্ত্রণালয়কে ২০০৯ সালে একটি 'সততা চুক্তির' রূপরেখা দেওয়া হয়েছিল।
যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত ৭ সেপ্টেম্বর বলেন, টিআইবি কোনো প্রস্তাব দিয়েছিল কি না সে প্রস্তাবের নিষ্পত্তি কীভাবে হয়েছে তা সচিবদের কাছে মন্ত্রী জানতে চেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২৩৫৬ ঘ.
bdnews24