২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশে নিয়োগ-পদবিন্যাসে কমিটি

পুলিশের ক্যাডার পদবিন্যাস এবং নন-ক্যাডার পদে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশের ক্যাডার পদবিন্যাস এবং নন-ক্যাডার পদে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 'পুলিশে জনবল নিয়োগ' সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। জন প্রশাসন, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২ সপ্তাহের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইউনুসুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ৩২ হাজার ৩১টি নন-ক্যাডার পদ (ইন্সপেক্টর থেকে কনস্টেবল) সৃজন করার নির্দেশনা দেন। এ নির্দেশনার পর এ পর্যন্ত প্রায় ১৬ হাজার ৫৫৫টি পদ সৃষ্টি করা হয়েছে এবং কিছু বাদে প্রায় সব পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২০১২ সালের মধ্যে ৩২ হাজার ৩১টি পদ সৃজন সম্পূর্ণ করার নির্দেশনার কথা জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, আগামী ২০১২ সালের মধ্যে বাকি ১৫ হাজার ৫৭৬টি পদ সৃষ্টি ও নিয়োগের প্রক্রিয়া চলছে। বর্তমানে পুলিশ বাহিনীতে মোট ১ লাখ ৪০ হাজার সদস্য রয়েছে বলে জানান ইউনুসুর রহমান। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১৬০০। চলতি বছরের মে মাসে পুলিশের ক্যাডার পদবিন্যাসের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ পর্যন্ত পুলিশের ক্যাডার পদে ৭৮টি পদে বিন্যাস আনা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮০৫ ঘ.