ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল খাদ্যশস্যে ২০০৫ সাল থেকেই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ- গবেষণায় পাওয়া এ তথ্য তুলে ধরে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান খান।
মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে 'খাদ্য, মানবাধিকার ও রাষ্ট্র' শীর্ষক এক আলোচনায় জানানো হয়, ধান ও গম উৎপাদনে বাংলাদেশ ২০০৫ সাল থেকে স্বয়ংসম্পূর্ণ। গত অর্থবছরে এ দুটি খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিলো ৬০ লাখ টন।
এ তথ্য উপস্থাপনের পর সভার আলোচক মিজানুর রহমান বলেন, "তাহলে মানুষ কেন না খেয়ে থাকবে? কেন এত উচ্চমূল্য নিয়ে মানুষকে ভোগান্তিতে পড়তে হবে? এটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।"
খাদ্যপণ্যের উচ্চমূল্যের জন্য ব্যবসায়ী মহলকে দায়ী করে তিনি বলেন, "আমাদের খাদ্য অধিকারটি গুটিকয়েক ব্যবসায়ী স্বার্থান্বেষী মহলের হাতে বন্দি হয়ে পড়েছে। তারা ব্যবসায়িক এবং অর্থনৈতিক স্বার্থকেই বড় করে দেখছেন। তাদের স্বার্থের কাছে সরকারও সাহসী এবং কার্যকর ভূমিকা নিতে বারংবার ব্যার্থ হচ্ছে। এখানে সিন্ডিকেটই শেষ পর্যন্ত বহাল থাকছে।"
বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
একই সঙ্গে 'খাদ্য অধিকার' বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতি অংশে সন্নিবেশিত হলেও একে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি।
"খাদ্য অধিকার পৃথিবীর বিভিন্ন দেশে আজ সাংবিধানিকভাবে স্বীকৃত একটি মৌলিক অধিকার।"
এর আগে খাদ্য বিষয়ক আন্তর্জাতিক প্রচারাভিযান 'গ্রো' এবং গ্রামীণ জীবনযাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) জোটের সদস্য সচিব জিয়াউল হক মুক্তা এক গবেষণার ভিত্তিতে বলেন, ২০০৭-০৮ সালের খাদ্যমূল্য বৃদ্ধির পর ২০১১ সালে চাল, আটা, ডাল, তেল, ও চিনিসহ সয পণ্যের মূল্য বেড়েছে ব্যাপক হারে। ২০১১ সালের এপ্রিলে তা ছিলো ১৪.৩৬ শতাংশ এবং মে মাসে ১৩ শতাংশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থায়ীভাবে একটি প্রাইস মনিটরিং অ্যান্ড ফোরকাস্টিং সেল তৈরি, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জনবল ও গুদামসংখ্যা বাড়ানো এবং এলসি হাতবদলের ব্যবসা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পরিসংখ্যান ব্যবস্থাপনার ক্ষমতা বাড়ানোর সুপারিশ করা হয়।
সিএসআরএল'র সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. সি এস করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক প্রতিনিধি ড. তৌফিক আলী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ও কর্মজীবী নারীর সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/টিএ/এমআই/পিডি/২০১০ ঘ.
bdnews24