ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে বাদ দিয়ে 'দ্রুত' পদ্মা সেতুর কাজ শুরু করতে বিশ্ব ব্যাংককে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার।
তবে বাংলাদেশের এ প্রস্তাবের বিষয়ে বিশ্ব ব্যাংক কোনো মত দেয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, "বিশ্ব ব্যাংকের কাছে তিনটি প্রস্তাব পাঠানো হয়েছে। এগুলো হলো- নির্মাণ দেখভালের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ, দরপত্র দলিল ও নদী শাসন সংক্রান্ত দলিল। এ বিষয়গুলো তাদের (বিশ্ব ব্যাংকের) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।"
"যেহেতু পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ হচ্ছে না, সেহেতু দরপত্র আহ্বানেও দেরি হচ্ছে।"
বিশ্ব ব্যাংকের সফররত ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গুরেরো বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে পদ্মা সেতু নিয়ে বৈঠক করার পরদিন সংবাদ সম্মেলন করলেন অর্থমন্ত্রী।
আগামী ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী ও আমি বিশ্ব ব্যাংক প্রতিনিধিকে বলেছি, যদি কোনো প্রতিষ্ঠান নিয়ে সন্দেহ থাকে বা তথ্য প্রমাণ থাকে তাহলে আমরা তাকে বাদ দিয়ে দ্রুত কাজ শুরু করতে চাই। তবে এ বিষয়ে তারা কিছু জানাননি। আলোচনা করে পরে জানাবেন।"
'
তথ্য প্রমাণের জন্য তারা অপেক্ষা করছেন'
পদ্মা সেতু প্রকল্প তদারকির পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে পাঁচটি প্রতিষ্ঠানের নাম বিশ্ব ব্যাংকের কাছে পাঠানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
"এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এসএনসি-লাভালিন গ্র"প নামের একটি কানাডীয় প্রতিষ্ঠান।"
পদ্মা সেতু প্রকল্পে এ প্রতিষ্ঠানের কর্মীদের সম্ভাব্য 'দুর্নীতি' বিশ্ব ব্যাংকের অনুরোধে তদন্ত করছে কানাডা।
অর্থমন্ত্রী বলেন, "এছাড়া আরও কিছু অভিযোগ বিশ্ব ব্যাংকের কাছে গেছে বলে তারা [বিশ্ব ব্যাংক] জানিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তারা এখনো তথ্য প্রমাণ পাননি। তথ্য প্রমাণের জন্য তারা অপেক্ষা করছেন।"
মুহিত জানান, তার যুক্তরাষ্ট্র সফরের সময় বিশ্ব ব্যাংক তথ্য প্রমাণ পেলে তা অর্থমন্ত্রীকে দেবে বিশ্ব ব্যাংক।
এসএনসি-লাভালিনের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "প্রত্যেকটা আগ্রহী প্রতিষ্ঠানেরই এখানে একটা করে বাঙালি পার্টি রয়েছে। শুনেছি বাঙালি পার্টি উৎকোচটা সেধেছে।"
বিশ্ব ব্যাংকে অভিযোগ পাঠানো সম্পর্কে মুহিত বলেন, "ভেঞ্চার এন্টারপ্রাইজ নামে একটা বদমাশ ফার্ম আছে। এরা বিভিন্ন অভিযোগ পাঠানোর জন্য চীনে একটা অফিস খুলে বসেছে। এরাই সব অভিযোগ পাঠায়। এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করতে হবে।"
দেরি হলেও আশাবাদী মুহিত
কাজ শুরু হতে দেরি হলেও পদ্মা সেতু নির্মাণ নিয়ে আশাবাদী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, "এ মাসের মধ্যে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টা ফয়সালা হলে দরপত্র প্রক্রিয়ায় আরো তিন মাস লাগবে। এরপর জানুয়ারিতে হয়তো আমরা কাজ শুরু করতে পারবো।"
২০০৯ সালে ক্ষমতায় আসার পর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি মার্কিন ডলার।
সরকার ইতোমধ্যে এ কাজের জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গে ১২০ কোটি, এডিবির সঙ্গে ৬১ কোটি, জাইকার সঙ্গে ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১৪ কোটি ডলারের ঋণ চুক্তিতে সই করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৯৫৪ ঘ.
bdnews24