২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'লালবাগ থানায় শিশু নির্যাতনে ব্যবস্থা নয় কেন'

লালবাগ থানায় তিন শিশুকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালবাগ থানায় তিন শিশুকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। আদালত একই সঙ্গে ওই তিন শিশুর ওপর চালানো নির্যাতন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চায়। সোমবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিত এই রুল জারি করে। স্বরাষ্ট্র সচিব, র‌্যাবের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রোববার দৈনিক আমাদের সময়ে প্রকাশিত '৩ শিশুকে ৬ দিন থানায় আটকে রেখে নির্যাতন' শিরোনামের একটি প্রতিবেদন আদালতের নজরে আনা হলে এই রুল জারি করা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন বাংলাদেশ লিগ্যাল এইড ফোরামের সভাপতি অ্যাডভোকেট এবিএম বায়েজিদ। শুনানিতে বায়েজিদ বলেন, "পুলিশের হেফাজতে শিশুদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে তা অমানবিক এবং ১৯৭৪ সালের শিশু আইনের পরিপন্থী। এ বিষয়ে আদালতের নির্দেশনা প্রয়োজন।" শুনানি শেষে আদালত রুল জারি করে। ওই প্রতিবেদনে বলা হয়, গত তিন সেপ্টেম্বর লালবাগ থানার নবাবগঞ্জের ব্যবসায়ী মাহবুবুর রহমানের মেয়ে কুইনকে (২২) সরবতের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তার বাসা থেকে ৮০ ভরি স্বর্ণালঙ্কার ও ৩০ হাজার টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় পরের দিন বিকালে পুলিশ ওই বাসার কাজের মেয়ে পাখি আকতারকে (৮) ওই ব্যবসায়ীর বাসা থেকে গ্রেপ্তার করে। পরে পাখির ভাই বারেক (১০), ফুফু সাজেদা, ফুফা রিকশাচালক মোকসেদ, ফুফাতো ভাই মিরাজুলকে (৭) কামারঙ্গীরচরের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে পুিলশ। বুধবার মোকসেদ ও সাজেদাকে আদালতে হাজির করা হলে আদালত সাজেদাকে জামিন দেয় ও মোকসেদকে কারাগারে পাঠায়। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, তিন শিশুকে ছয়দিন থানায় আটকে রেখে গত শনিবার আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত তাদেরকে জামিন বা রিমান্ড কোনটি না দিয়ে গাজীপুরে সেফ হোমে পাঠিয়ে দেয়। প্রতিবেদনে আরো বলা হয়, শিশুরা অভিযোগ করে, আটক থাকা অবস্থায় পুলিশ তাদের তিনজনকেই একটি মোটা লাঠি দিয়ে মেরেছে। প্লায়ার্স দিয়ে হাতের আঙুলে চাপ দিয়ে রক্ত বের করেছে। তাদের আঙুলে আলপিন ঢুকানো হয়েছে বলেও অভিযোগ করেছে শিশুরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮০৩ ঘ.