চাঁদপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক প্রকৌশলী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী।
এছাড়া একই উপজেলায় আরেকটি অটোরিকশা দুর্ঘটনায় আহত হন আরো তিন জন।
সোমবার ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়াল দাসবাড়ি ও চরকুমিরা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ভাটিয়াল দাসবাড়িতে নিহত জুবায়ের আলমের (৩২) বাড়ি জামালপুর জেলায়। তিনি মোবাইল অপারেটর এয়ারটেল কোম্পানিতে কর্মরত ছিলেন।
এই ঘটনায় আহত ফিরোজ আলম (২২) ও নুরুল ইসলাম (২৯) চাঁদপুর সদর হাসপাতালে এবং কামাল হোসেন (৪০) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর থেকে ফরিদগঞ্জগামী অটোরিকশাটি ভাটিয়ালপুর দাসবাড়ি এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই জুবায়ের নিহত এবং অন্য তিন যাত্রী আহত হন।
অন্য দুর্ঘটনাটি ঘটে সকাল ১০টার দিকে চরকুমিরা এলাকায়। পুলিশ কর্মকর্তা সেলিম বলেন, ফরিদগঞ্জ থেকে চাঁদপুরগামী সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিন যাত্রী গুরুতর আহত হয়।
আহত খাজা আহমদ (৫৫), শাহ ইমরান (৪৩) ও গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার ঘোষ (৩৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩০৫ ঘ.
bdnews24