২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে মিলন হত্যা: গ্রেপ্তার আরো ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কিশোর মিলনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরো দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 06:11 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কিশোর মিলনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরো দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় গোয়েন্দা পুলিশ (ডিবি) চরকাঁকড়া ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হয়েছেন বাবুল চৌধুরী (৩৫) ও সজীব (২৫)। এ নিয়ে এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গত ১৩, ১৪ ও ২৭ অগাস্ট চরকাঁকড়া ইউনিয়ন থেকে জাফর ইকবাল, হারুনুর রশীদ, শাহ আলম, আব্দুল খালেক ও আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়। এদিকে এই গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় টেকের বাজারের ব্যবসায়ীরা রাত ৯টা থেকে বসুরহাট-চাপরাশিরহাট সড়ক দুইঘণ্টা অবরোধ করেছে। তাদের অভিযোগ, পুলিশ মিলন হত্যার তদন্তের নামে বাজারের ব্যবসায়ী ও নিরীহ লোকদের হয়রানি করছে। ডিবি পুলিশের ওসি বিল্লাল হোসেন জানান, মিলনকে পিটিয়ে হত্যার সময় স্থানীয়ভাবে ধারণ করা ভিডিও চিত্র দেখে গ্রেপ্তারদের সনাক্ত করা হয়। সোমবার জেলা সদরের ডিবি অফিসে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান। গত ২৭ জুলাই পুলিশের উপস্থিতিতে ডাকাত সন্দেহে পিটিয়ে চরকাঁকড়া গ্রামের টেকের বাজারে কিশোর শামসুদ্দিন মিলনকে হত্যা করে কিছু লোক। এই ঘটনায় মিলনের মা কহিনুর বেগম বাদী হয়ে ৩ অগাস্ট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ৮ অগাস্ট মামলাটি কোম্পানীগঞ্জ থানায় নথিভুক্ত করা হয়। এরপর মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়। মিলনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলা ও সম্পৃক্ততার অভিযোগে কোম্পনীগঞ্জ থানার তখনকার ওসি রফিক উল্লাহ, এস আই আকরাম শেখসহ চার পুলিশকে বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৩ ঘ.