২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেল নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন

রেলওয়ে নিরাপত্তা সপ্তাহ-২০১১ উপলক্ষে চট্টগ্রামে সাত দিনব্যাপী রেলওয়ে নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলওয়ে নিরাপত্তা সপ্তাহ-২০১১ উপলক্ষে চট্টগ্রামে সাত দিনব্যাপী রেলওয়ে নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। রেলওয়ের (পূর্ব) প্রধান যন্ত্র প্রকৌশলী আখতারুজ্জামান হায়দার রোববার সকালে চট্টগ্রাম রেলস্টেশনে এ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আখতারুজ্জামান বলেন, দুর্ঘটনা এড়ালেই যাত্রীদের ভ্রমণ নিরাপত্তা নিশ্চিত হয় না। সময়মত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে পারলেই যাত্রীসেবায় নিরাপত্তা নিশ্চিত করা যাবে। এজন্য যাত্রীদের সচেতন করার পাশাপাশি রেলের চালক ও কর্মকর্তা-কর্মচারীদেরও যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। নিরাপত্তা সেবা সপ্তাহ উপলক্ষে ট্রেনের ছাদে ভ্রমণ না করা, চলন্ত অবস্থায় ট্রেনে পাথর না ছোড়াসহ বেশ কয়েকটি বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে রেলওয়ের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, লিফলেট ও পোস্টার তৈরি করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন স্টেশনে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা যাচাইয়ে ঢাকা বিভাগে পাঁচটি এবং চট্টগ্রাম বিভাগে তিনটিসহ মোট আটটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। তিনি বলেন, চার সদস্যের এ টিমে অতিরিক্ত বিভাগীয় প্রধান কর্মকর্তাকে আহ্বায়ক করা হয়েছে। টাস্কফোর্স দল ট্রেনে ভ্রমণ করে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করবে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক একেএম মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভাগীয় বিভাগীয় যন্ত্র প্রকৌশলী সাদেকুর রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট শাহ আলম ভূঁইয়া, বিভাগীয় পরিবহন কর্মকর্তা জাকির হোসেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান খান এবং ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার øেহাশীষ দাশ গুপ্ত উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এএইচ/এমআই/২০২৫ ঘ.