আতিয়ার বাড্ডা
নীলফামারী প্রতিনিধি
নীলফামারী, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা ব্যারাজের উপর দিয়ে সর্বোচ্চ ২০ টন ওজনের পণ্যবাহী যান পারাপারের নিয়ম রয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নজরদারীর অভাবে এই নিয়ম মানছে না কেউ।
প্রতিদিন ব্যারাজের উপর দিয়ে চলছে ৫০ টন পর্যন্ত ওজনের শত শত পণ্যবাহী যান। এতে তিস্তা ব্যারাজ হুমকির মুখে পড়ছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
দেশের বিভিন্ন স্থান ও লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে যাতায়াতকারী পণ্যবাহী যানগুলো তিস্তা ব্যরাজের উপর দিয়ে চলাচল করে।
পণ্যবহী যানগুলো যাতে সর্বোচ্চ ২০ টনের বেশি ওজন নিয়ে যেতে না পারে সেজন্য ব্যারাজের দু'প্রান্তে স্থাপন করা হয়েছে ওয়েটব্রিজ বা ওজন পরিমাপক যন্ত্র।
কিন্তু এখানে দায়িত্ব পালনের কেউ নেই বলে কোনো ট্রাক বা পণ্যবাহী যানকেই ওয়েটব্রিজে ওঠানো হয় না। এতে যানগুলো ইচ্ছামতো ওজন নিয়ে ব্যারাজ দিয়ে চলাচল করছে।
ব্যারেজের দু'প্রান্তে আনসার ও পূর্ব প্রান্তে পুলিশ ফাঁড়ি থাকলেও ওয়েটব্রিজ কার্যকর না থাকায় কোনো কাজ হচ্ছে না।
ব্যারাজের পশ্চিম প্রান্তের ওয়েব্রিজ গার্ড জহুরুল হক জানান, গত এক বছর থেকে কোনো পণ্যবাহী ট্রাককে ওয়েটব্রিজে ওঠানো হচ্ছে না।
"যখন পানি উন্নয়ন বোর্ডের কোনো ঊর্দ্বতন কর্মকর্তা আসেন তখনই ট্রাক বা পণ্যবাহী যান ওয়েটব্রিজে ওঠানো হয়," বলেন তিনি।
তিনি আরো জানান, পণ্যবাহী যানগুলো ২১ টন থেকে শুরু করে ৫০ টন পর্যন্ত পণ্য নিয়ে ব্যারাজ পার হয়। এসব যান পারাপারের সময় ব্যারাজ কাঁপতে থাকে বলেও তিনি জানান।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী (ম্যাকানিক্যাল) নিখিল রঞ্জন সোম ব্যারাজের উপর দিয়ে ধারণ ক্ষমতার অধিক পণ্যবাহী যান পারাপারে কথা স্বীকার করে বলেন, ব্যারাজের দু'প্রান্তে দু'টি ওয়েটব্রিজ করা হলেও কোনো পদ সৃষ্টি করা হয়নি। যার কারণে কোনো পণ্যবাহী ট্রাককে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, ব্যারাজের নিরাপত্তার জন্য দু'প্রান্তে আনসার ও পূর্ব প্রান্তে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে।
"পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মচারী ব্যারাজে না থাকায় পণ্যবাহী যান নিয়ন্ত্রণ করছে ব্যারাজ ডাককারী ঠিকাদার। এতে তারা নিজ খেয়াল খুশিমতো মাত্রাতিরিক্ত পণ্য ব্যারাজের উপর দিয়ে পারাপার করছে," বলেন তিনি।
পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী সৈয়দ আহসান আলী বলেন, পানি উন্নয়ন বোর্ডের জনবলের অভাব রয়েছে। ধারণ ক্ষমতার অধিক পণ্য পারাপার করলে ব্যারাজের আয়ু কমে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে।
ধারণ ক্ষমতার মধ্যে পণ্য নিয়ে পারাপারে জন্য যানবাহনগুলোকে নিয়ন্ত্রণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24