ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এবার ঢাকার জজ আদালত প্রাঙ্গণে কর্মসূচি পালনের সময় হাতাহাতিতে জড়িয়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচার মামলায় রোববার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এ দিন সকাল থেকে বিএনপি সমর্থক আইনজীবীরা দফায় দফায় মিছিল করে।
সকাল পৌনে ১১টার দিকে আদালত প্রাঙ্গণে সার বেঁধে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে সানাউল্লাহ মিয়া ও মো. মহসিন মিয়ার পক্ষের আইনজীবীরা।
বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বারে বেশ কিছু দিন ধরেই কোন্দল চলছে।
ঢাকায় ফোরামের একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বারের সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন ঢাকা জেলা দায়রা জজ আদালতের সাবেক পিপি মহসিন মিয়া ও ঢাকা বারের বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারেকের মামলার শুনানিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ঢাকার আদালতে আসেন। তখন সানাইল্লাহ মিয়ার অনুসারী কয়েকজন তাকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের 'দালাল' আখ্যায়িত করে স্লোগান দিলে হাতাহাতি শুরু হয়।
প্রায় ১৫ মিনিট ধরে দুই পক্ষের কনিষ্ঠ আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও কিলঘুঁষি চলে। পরে জ্যেষ্ঠ আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এর আগে গত ৬ অগাস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মর্সূচি পালনের সময় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই বিএনপি সমর্থক আইনজীবীদের তর্কাতর্কি ও হাতাহাতি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮১১ ঘ.
bdnews24