গাইবান্ধা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় এক চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে ছয় ঘণ্টার ধর্মঘট পালন করছে জেলা চিকিৎসকরা। অন্যদিকে ওই ঘটনায় গ্রেপ্তার তিন শ্রমিকের মুক্তি দাবিতে অনির্দিষ্টকাল ধর্মঘট ডেকেও পরে প্রত্যাহার করেছে জেলা মটর-ট্রাক শ্রমিক ইউনিয়ন।
শনিবার বিকাল ৩টার দিকে শহরের শনি মন্দির রোডে শিশুরোগ বিশেষজ্ঞ আব্দুল মালেক সরকারকে লাঞ্ছিত, তার চেম্বার ভাংচুর এবং সহকারীকে মারধর করে এক দল মটর শ্রমিক।
এর প্রতিবাদে রাতে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) গাইবান্ধা শাখা রোববার ছয় ঘণ্টা কর্মবিরতির ডাক দেয়।
বিএমএ'র জেলা সভাপতি ডা. শহিদুজ্জামান হারুন সাংবাদিকদের বলেন, "ডাক্তার আব্দুল মালেক সরকারের চেম্বার ভাংচুর ও তাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।"
তবে হাসপাতালগুলোর জরুরি বিভাগ কর্মবিরতির আওতামুক্ত ছিলো বলে জানান তিনি।
সদর থানার ওসি মসিউর রহমান জানান, ডা. মালেকের চেম্বার ভাংচুরের খবর শুনে পুলিশ সেখানে গিয়ে ট্রাকশ্রমিক মিঠু মিয়া (৪০), কিরন (৪৫) ও আনসার আলীকে (৫৫) গ্রেপ্তার করে।
এর পর জেলা মটর-ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু হোসেন আবু তিন শ্রমিককে মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘটের ডাক দেন।
তবে দুপুরে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, বিএমএ এবং মটর-ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতারা বৈঠকে বসেন। এরপর বেলা ৩টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন আবু হোসেন। অন্যদিকে ডা. হারুনও সমঝোতা হওয়ার কথা জানান।
পুলিশ সুপার বাসুদেব বনিক সাংবাদিকদের বলেন, "বৈঠকে প্রাথমিকভাবে সমঝোতা করা হয়েছে। আশা করা যায়, এ নিয়ে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না।"
ডা. মালেকের চেম্বারে রোগী দেখার সিরিয়াল নিয়ে গোলমাল হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। সেখানে পুলিশ গেলে তাদের সঙ্গেও শ্রমিকদের ধাক্কাধাক্কি হয়।
এরপর বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রমিকরা স্মৃতিসৌধের সামনে ডিবি রোড, ব্রিজ রোড় ও জেলা বাস টার্মিনালের মুখে ট্রাক রেখে সড়ক অবরোধ করে রাখে। পুলিশ, র্যাব ও জেলা প্রশাসনের উদ্যোগে সে অবরোধ তোলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৫ ঘ.
bdnews24