ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইনে করদাতাদের আয়কর রিটার্ন দাখিল, করদাতাদের নতুন অধিক্ষেত্র সনাক্তসহ আয়কর ও মূল্য সংযোজন কর বিষয়ক বিভিন্ন সেবা দেওয়ার উদ্দেশ্যে ঢাকায় কর তথ্য ও সেবা কেন্দ্র চালু হয়েছে।
শনিবার সকালে সেগুনবাগিচায় দ্বিতীয় ১২ তলা সরকারি ভবনের নীচতলায় এ তথ্যকেন্দ্রের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান সৈয়দ নাসিরউদ্দিন আহমেদ।
এটি বাংলাদেশের দ্বিতীয় কর তথ্য ও সেবা কেন্দ্র। এর আগে গত ১৫ জুলাই থেকে চট্টগ্রামে প্রথম তথ্য ও সেবা কেন্দ্র চালু হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, "করদাতা এবং গ্রহীতার মধ্যকার সম্পর্ককে আরো সহজ করে তুলতে আমাদের এই উদ্যোগ। পর্যায়ক্রমে দেশের সবগুলো বিভাগীয় শহরে এই সেবা কেন্দ্র চালু হবে।"
কর আদায় প্রক্রিয়াকে আরো সহজ করে তুলতে সারাদেশে নতুন ৮৫ টি কর অফিস স্থাপনের ঘোষণা দেন নাসিরউদ্দিন আহমেদ। একই সাথে এনবিআর এর পক্ষ থেকে ব্যাক্তিগত এবং ব্যবসায়ী পর্যায়ে 'ট্যাক্স ডায়ালগ ফোরাম' চালু করার উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি এনবিআর -এর কর প্রশাসন ও পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ মো. আমিনুল করিম আরো জানান, "আগামী তিন মাসের মধ্যে কুমিল্লা, গাজীপুর, বগুড়াসহ কয়েকটি এলাকাকে স্বতন্ত্র কর অঞ্চল হিসাবে ঘোষণা করা হবে।"
এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ মনে করেন, ব্যবসায়ীদের করভীতি দূর করতে এই সেবাকেন্দ্র গুরুত্ব¡পূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া এফবিসিসিআই -এর প্রথম সহ-সভাপতি জসিমউদ্দিন তার বক্তব্যে করদাতা ও গ্রহীতার মধ্যে একটি বিশ্বাসের সম্পর্ক তৈরীর ওপর জোর দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৭১০ঘ.
bdnews24