ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অদক্ষ চালকদের আর লাইসেন্স দেওয়া হবে না- যোগাযোগমন্ত্রীকে প্রকাশ্যে এ ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য তারানা হালিম।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাইফ ফাউন্ডেশন এবং ফ্যামিলিজ ইউনাইটেড এগেইনস্ট রোড অ্যাকসিডেন্ট (ফুয়ারা) আয়োজিত এক মানবন্ধনে এ আহ্বান জানান তিনি।
তারানা বলেন, অদক্ষ চালকদের লাইসেন্স না দিতে ফুয়ারার পক্ষ থেকে যোগাযোগ মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রী প্রতিশ্র"তি দিয়েছেন, চাপের মুখে তিনি আর কোনো অদক্ষ চালককে লাইসেন্স দেবেন না।
"আমি মাননীয় মন্ত্রীর উদ্দেশে আহ্বান জানাই- তিনি প্রকাশ্যে ঘোষণা দিন যে, প্রস্তাবিত ২০ হাজার লাইসেন্স দেওয়া হবে না এবং যে ১০ হাজার লাইসেন্স ইতোমধ্যে দেওয়া হয়েছে সেইসব চালকদের যথাযথ প্রশিক্ষণের ব্যাবস্থা করা হবে", যোগ করেন এই সংসদ সদস্য।
বিগত ১৮ বছরে ১ লাখ ৯৯ হাজার অদক্ষ চালককে লাইসেন্স দেওয়া হয়েছে উল্লেখ করে তারানা বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা বলার আর উপায় নেই।
২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় তারানার বোনের ছেলে স্কুলছাত্র সাইফের মৃত্যু হয়। এরপর ফুয়ারার সঙ্গে নিরাপদ সড়কের আন্দোলনে সম্পৃক্ত হন জনপ্রিয় এই অভিনেত্রী।
তিনি বলেন, "শ্রমিক ফেডারেশনের নেতারা এবং চালকরা আমাদের গালাগাল করেছেন। অনেক মহান ব্যক্তি তাতে অংশগ্রহণও করেছেন। আমার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, স্বার্থ নেই। যারা আমার কাজে রাজনৈতিক উদ্দেশ্য খোঁজেন, তাদের উদ্দেশে আমি বলতে চাই, লাশের রাজনীতি আমি কখনো করিনি, করি না এবং ভবিষ্যতে কখনো করবো না।"
কোনো 'শুভ' উদ্যোগ নিলে তা সবসময়ই প্রশ্নবিদ্ধ হয়- এমন মন্তব্য করে তারানা হালিম বলেন, "দেশে এখন 'শাট আপ' এবং 'পুট আপ' ধারা চলছে।"
কর্মসূচিতে উপস্থিত সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সড়ক দুর্ঘটনার জন্য মূলত চালকদের অদক্ষতা ও অসচেতনতাই দায়ী। অথচ সরকার বলেছে, কেউ গরু-ছাগলের পার্থক্য বুঝতে পারলেই তাকে লাইসেন্স দেওয়া উচিত। আমরা কোন রাষ্ট্রে বসবাস করছি ?"
বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য সড়ক সংস্কার, দক্ষ চালক নিয়োগ করে গণপরিবহন বৃদ্ধি করা এবং সড়কের পাশাপাশি রেল এবং নৌ পরিবহনকে প্রয়োজনীয় সংস্কার করে গোটা যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গত গত ১৩ অগাস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীরসহ পাঁচ জন। ওই দুর্ঘটনার পর সড়কের নিরাপত্তা নিয়ে সরকারের ভেতরে ও বাইরে তোপের মুখে পড়েন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। অভিযোগ ওঠে, নৌমন্ত্রী শাজাহান খানের চাপে অদক্ষদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে।
ওই দুর্ঘটনার পর সংসদেও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন তারানা হালিম। অদক্ষ চালকদের লাইসেন্স দিলে আমরণ অনশনেরও ঘোষণা দেন তিনি।
ফুয়ারার দাবি
ফুয়ারার আহ্বায়ক পাবলিক সার্ভিস কমিশনের সদস্য এবং নিহত সাইফের বাবা একরাম আহমেদ সংগঠনের কয়েকটি দাবি তুলে ধরেন।
এগুলো হলো-মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর যুগোপযোগী সংশোধনী আনা এবং বাস্তবায়ন; দোষী অদক্ষ চালকদের বাংলাদেশ দণ্ডবিধির ৩০৪(খ) ধারায় জামিনঅযোগ্য ঘোষণা এবং শাস্তির মেয়াদ কমপক্ষে ১০ বছর নির্ধারণ করা; যথাযথভাবে বিদ্যমান সড়কপথ পরিচালনা এবং মেরামত করা; 'আনফিট' গাড়ি বাতিল করা, পরিবহন মালিকদের জবাবদিহিতার আওতায় আনা; অপরাধের ভিত্তিতে শাস্তির বিধান চালু করা; প্রতিটি জেলায় চালকদের প্রশিক্ষণ একাডেমি চালু করা এবং পরীক্ষাহীনভাবে দেওয়া লাইসেন্স বাতিল করে প্রশিক্ষণ দিয়ে এবং পরীক্ষা নিয়ে বৈধভাবে পাসকৃতদের লাইসেন্স দেওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএ/জেকে/১৬৪০ ঘ.
bdnews24