সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালনে অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।
শনিবার সিরাজগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমিন বাজারে ছয় ছাত্রের মৃত্যুর ঘটনায় পুলিশ বাহিনীর যেসব সদস্য দায়িত্ব পালনে অবহেলা করেছে, বিভাগীয় তদন্তের মাধ্যমে সেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ওই ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিটি বৃহস্পতিবার প্রতিবেদন দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ছাত্রদের রক্ষায় পুলিশের ভূমিকা যথাযথ ছিলো না বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
হাসান মাহমুদ বলেন, "পুলিশ বাহিনীর সদস্যরা কোনো অনিয়ম করে না, আমি তা বলবো না। তবে কিছু খারাপ মানুষের কারণে সবাইকে দোষারোপ করা ঠিক নয়।"
গত ১৮ জুলাই শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। আহত হয় একজন। সমালোচনার মুখে পুলিশ এ ঘটনায় একটি তদন্ত কমিটি করে।
তবে পুলিশের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নিহতের পরিবারের সদস্যরা। তারা শঙ্কা প্রকাশ করে, পুলিশের তদন্তে পুলিশের বিরুদ্ধে অভিযোগের সত্যতা বের হয়ে নাও আসতে পারে। এরপর উচ্চ আদালত ওই ঘটনার সময় পুলিশের ভূমিকা তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়।
জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে আইজিপি বলেন, পুলিশের নানা সীমাবদ্ধতা আছে। তবুও মহাসড়কগুলোতে সংঘটিত দুর্ঘটনা যাতে নিয়ন্ত্রণ করা যায় সেজন্য পুলিশ বাহিনীর সদস্যরা আরো সক্রিয় ভূমিকা পালন করবে।
সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশারফ হোসেনের সভাপতিত্বে এই সভায় অন্যদের মধ্যে সংসদ সদস্য গাজী শফিকুল ইসলাম এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৪৪৪ ঘ.
bdnews24