ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীর চরে পানির রির্জাভ ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া আটজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাড়ির মালিক হাজি রফিকুল ইসলাম (৬০)।
এ নিয়ে দুইজনের মৃত্যু হলো। গত ৩১ অগাস্ট ঈদুল ফিতরের দিন দুপুরে মারা যান মো.নাসির (২৫)।
গত ৩০ অগাস্ট একটি বাড়ির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় এই অগ্নিকাণ্ড হয়।
কামরাঙ্গীর চরের নুরবাগের পাঁচ নম্বর গলির চারতলা একটি বাড়ির নিচতলার রির্জাভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় মূল বিদ্যুতের লাইন থেকে তার টেনে একটি বাল্বে সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হয়।
এতে বাড়ির মালিকসহ দগ্ধ হন আটজন। ঘটনার পরদিন আহত নাসির মারা যান। এর প্রায় আটদিনের মাথায় হাজি রফিক মারা গেলেন।
আহত নজরুল ইসলাম (৩২), মো.শামীম (২৪), সুজন (২৮), জুয়েল (৩৪), জাহাঙ্গীর (৩২) ও মো. সোহেল (৩০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২২৪ ঘ.
bdnews24