২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসসিসি'র সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগপত্র

দুর্নীতি মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম ও তার স্ত্রী রোজিনা সুলতানা রিমির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

সিলেট, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দুর্নীতি মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম ও তার স্ত্রী রোজিনা সুলতানা রিমির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে দুদক'র সিলেট কার্যালয়ের উপ-পরিচালক খন্দকার এনামুল বাছির অভিযোগপত্র জমা দেন। খন্দকার এনামুল বাছির সাংবাদিকদের জানান, এই দু'জনের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত মোট ১৭ কোটি ৩ লাখ ৮৭ হাজার ৯৩৪ টাকার সম্পদ অর্জন এবং ৫ কোটি ৮০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। দুদক কর্মকর্তা আরো বলেন, দুদকের তদন্তে দেখা গেছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী থাকাকালে সাইফুল ইসলাম দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেন। সাইফুল ও তার স্ত্রীর নামে ঢাকার বসুন্ধরায় ১০টি প্লট, উত্তরা এলাকায় ২টি বড় ফ্ল্যাট, সিরাজগঞ্জে পেট্রোল পাম্প, বিভিন্ন ব্যাংকে কোটি কোটি টাকার সঞ্চয় থাকার প্রমাণ পায় দুদক। দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ১৩ মার্চ যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন সাইফুল ইসলাম। এরপর তিনি ট্রুথ কমিশনের কাছে নিজের দুর্নীতির কথা স্বীকার করে চার কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা জমা দেন এবং ৬ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার টাকা আয়কর প্রদান করেন। গ্রেপ্তার পর সাইফুল ইসলামকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৯ ঘ.