ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
তিনি মঙ্গলবার ঢাকায় এসেছিলেন। সফরের প্রথম দিনে দুই দেশের শীর্ষ বৈঠক হয়। এতে পারস্পরিক সহযোগিতার একটি রূপরেখা চুক্তি হয়েছে। আলোচনায় থাকলেও হয়নি ট্রানজিট এবং অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তি।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে নয়া দিল্লির পথে শাহজালাল বিমানবন্দর ছাড়েন ভারতের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতীয় প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে ছিলেন মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তরা।
সফরের দ্বিতীয় দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে 'বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়া' শীর্ষক বক্তৃতা দেন মনমোহন। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বিকালে ঢাকা ছাড়ার আগে সোনারগাঁও হোটেলে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সঙ্গে বৈঠক করেন মনমোহন।
গত ১২ বছরে মনমোহনই প্রথম প্রধানমন্ত্রী যিনি দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে এলেন। স্ত্রী গুরুশরণ কাউর ছাড়াও তার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, চারটি রাজ্যের মুখ্যমন্ত্রী। তারা হলেন- আসামের তরুণ গোগৈ, মেঘালয়ের মুকুল সাংমা, ত্রিপুরার মানিক সরকার এবং মিজোরামের পু লালথানহাওলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮১৩ ঘ.
bdnews24