সাভার, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে ছিনতাইকারীর হাতে একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি খুন হয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
তবে পুলিশ বলছে, নিজেদের মধ্যে মারামারিতে তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা সড়কে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন স্মরণিকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহরাব হোসেন (২৮) নাটোর জেলার লালপুর থানার পাইকপাড়া এলাকার মুকবুল হোসেনের ছেলে। তিনি গ্রীনল্যান্ড র্ফামাসিউটিক্যালস লিমিটেড'র অপারেশন (সার্জিক্যাল) সামগ্রীর বিক্রয় প্রতিনিধি ছিলেন। কয়েকদিন আগেই তিনি সাভার আসেন।
নিহতের খালাতো ভাই ও ওই ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি বকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে স্মরণিকা এলাকার সেন্ট্রাল চক্ষু হাসপাতালের সামনে একদল ছিনতাইকারী সোহরাবকে আটকায়।
তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তির এক পর্যায়ে তারা সোহরাবকে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ১০টার দিকে তার মৃত্যু হয় বলে জানান বকুল।
তিনি অভিযোগ করেন, পুলিশ ঘটনাটি ধামাচাপা দিতে গভীর রাতে তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে গেছে।
সাভার থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য বুধবার সকালে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে নিহতের স্বজনদের কাছ থেকে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার কথা অস্বীকার করে ওসি বলেন, "ছিনতাইকারীর ছুরিতে নয়, নিজেদের মধ্যে মারামারি করে সোহরাব মারা গেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭২৫ ঘ.
bdnews24