ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ মন্ত্রণালয়ের সব প্রকল্প এবং দরপত্র কার্যক্রম 'স্বচ্ছ ও সততার' ভিত্তিতে হয়েছে কি না তা পর্যালোচনার জন্য একটি কমিটি করার নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বুধবার বলেন, "মন্ত্রণালয় সম্পর্কে গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশের কারণে স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।"
এই কমিটি যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ, সেতু বিভাগ ও রেলপথ বিভাগের বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ করবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন মঙ্গল ও বুধবার দুটি প্রতিবেদন প্রকাশ করে। 'প্রকল্প ব্যয় বাড়িয়ে শত শত কোটি টাকা লোপাটের আয়োজন' শিরোনামে একটি প্রতিবেদনে বলা হয়, 'অর্থ লোপাটের এই আয়োজনে শীর্ষ স্থানীয় আমলার পাশাপাশি দুই-একজন মন্ত্রীর সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ রয়েছে।'
এ বিষয়ে জারি করা নির্দেশনায় মন্ত্রী বলেন, "স¤প্রতি যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে উদ্দেশ্যে প্রণোদিতভাবে বিভিন্ন পত্রিকায় নানা অসত্য খবর প্রকাশিত হচ্ছে। হয়তো পর্যাপ্ত তথ্য না পাওয়ার কারণে অনুমান নির্ভর সংবাদ পরিবেশিত হচ্ছে।"
পর্যাপ্ত তথ্য সরবরাহের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।
ঢাকা থেকে ওয়াশিংটনে পাঠানো যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির একটি গোপন বার্তা গত ৩০ অগাস্ট প্রকাশ করে দেয় জুলিয়ান অ্যাসাঞ্জের হৈ চৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস।
আবুল হোসেনের 'রেপুটেশন লেস দ্যান অনেস্ট' উল্লেখ করে ওই বার্তায় বলা হয়, "দুর্নীতির অভিযোগ এখনো যোগাযোগমন্ত্রীকে ঘিরে আছে। তিনি যে পদ্ধতিতে কাজ করেন, তার বেশ কিছু সমস্যার কথা বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। তাছাড়া চীনের সঙ্গে মন্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টিও সবার জানা।"
ওই তারবার্তার ভিত্তিতে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে আবুল হোসেন উইকিলিকসে প্রকাশিত নথির সত্যতা নিয়েই প্রশ্ন তোলেন।
নিজেকে 'পরীক্ষিত সৎ লোক' দাবি করে গত ৪ সেপ্টেম্বর যোগাযোগমন্ত্রী বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) পাঁচ বার তদন্ত করেও তার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৬৪৬ ঘ.
bdnews24