ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের এ সফরে তিস্তা চুক্তি না হলেও বাংলাদেশ আশাবাদী, কয়েক মাসের মধ্যেই নদীর পানি বণ্টনে মতৈক্য হবে।
মঙ্গলবার ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠকে তিস্তা চুক্তি না হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন মহলে হতাশা প্রকাশ করা হয়।
এ প্রেক্ষাপটে বুধবার সরকারের দুই মন্ত্রী বলেছেন, তারা আশা করছেন আগামী তিন মাসের মধ্যেই তিস্তার পানি বণ্টন চুক্তি হবে।
পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "আমরা হতাশ নই। আশা করি, অল্প সময়ের মধ্যেই তিস্তার পানি নিয়ে একটি চুক্তিতে উপনীত হতে পারবো। এ জন্য আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।"
একই সুর ছিলো অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কথায়ও। তিনি বলেন, "আমরা এ ব্যাপারে যোগাযোগ অব্যাহত রেখেছি। আশা করছি, আগামী তিন মাসের মধ্যেই আমরা এ চুক্তি সম্পন্ন করতে পারবো।"
মনমোহনের বহুপ্রতীক্ষিত এ সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পানি বণ্টন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে তা আটকে যায়।
পানিসম্পদমন্ত্রী বলেন, "সামনেই মমতা ব্যানার্জির উপনির্বাচন। এ নির্বাচনে তিনি অংশ নেবেন। তাই তিনি কিছুটা সমস্যায় রয়েছেন। নির্বাচনের পরই তিনি তিস্তা নিয়ে ইতিবাচক সাড়া দেবেন বলে আমরা আশা করছি।"
তিস্তা চুক্তি না হওয়াকে দুর্ভাগ্যজনক মন্তব্য করে মনমোহন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বক্তৃতায় বলেন, এ নিয়ে জটিলতার অবসানে আলোচনা চালিয়ে যেতে হবে।
তিস্তা চুক্তির খসড়া তৈরি হওয়ার কথা জানিয়ে রমেশ চন্দ্র বলেন, "ওই খসড়া অনুযায়ীই চুক্তি হবে। তবে তা চূড়ান্ত হবে যৌথ-নদী কমিশনের (জেআরসি) মন্ত্রিপর্যায়ের বৈঠকে। সেখানে বসেই উভয়পক্ষ এসব চূড়ান্ত করবো।"
খসড়ায় পানি বণ্টনের বিষয়ে কী রয়েছে- তা জানাননি মন্ত্রী।
জেআরসির ৩৮তম বৈঠক বাংলাদেশে হওয়ার কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে জেআরসির পরবর্তী বৈঠকের দিনক্ষণ আমরা চূড়ান্ত করবো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৫৩ ঘ.
bdnews24