২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বিঘা করিডোর খোলা থাকবে দিনরাত

ভারতের প্রধানমন্ত্রীর সফরে এসেছে বহু প্রতীক্ষিত সেই ঘোষণা, যার অপেক্ষায় ছিলো দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

লালমনিরহাট, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রীর সফরে এসেছে বহু প্রতীক্ষিত সেই ঘোষণা, যার অপেক্ষায় ছিলো দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলবাসী। বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকায় বসবাসরত মানুষগুলো এখন ২৪ ঘণ্টা বাংলাদেশের মূল ভূখণ্ডে আসা-যাওয়া করতে পারবে। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে যৌথ বিবৃতিতে বাংলাদেশের ওই ছিটমহলে যাতায়াতের এক মাত্র পথটি দিনরাত খোলা রাখার ঘোষণা দেওয়া হয়। এর আগ পর্যন্ত করিডোরটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকতো। দহগ্রাম-আঙ্গরপোতা কাগজে-কলমে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অধীন, কিন্তু মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এ ছিটমহলে যেতে হয় তিন বিঘার একটি সরু পথের ওপর দিয়ে, যাতে সব সময় থাকে ভারতের নিরাপত্তা রক্ষীদের পাহারা। ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে যাওয়ার পথ হিসেবে তিন বিঘা করিডোর পায় বাংলাদেশ, চলাচলের জন্য পাওয়া গেলেও এর নিয়ন্ত্রণ থেকে যায় ভারতের হাতে। যদিও এ জন্য আড়াই একরের দক্ষিণ বেরুবাড়ি এলাকাটি ছেড়ে দেওয়া হয় ভারতকে। ছিটমহলবাসী দীর্ঘদিন ধরে ২৪ ঘণ্টা মূল ভূখণ্ডে যাতায়াতের সুযোগ চেয়ে আসছিলো। মনমোহন সিংয়ের এ সফর নিয়ে আশায় বুকও বেঁধেছিলো তারা। দহগ্রামের বাসিন্দা শিক্ষক রেজানুর রহমান কয়েকদিন আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী দক্ষিণ বেরুবাড়ী ভারত নেওয়ার পর অনেক আগেই তিনবিঘা করিডোর গেট ২৪ ঘণ্টা খুলে দেওয়ার কথা। কিন্তু খুলে না দিয়ে বছরের পর বছর গেটের দু'দিকে সশস্ত্র সীমান্তরক্ষীদের পাহারা বসিয়ে কালক্ষেপন করে পুরো দহগ্রামকে নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছে ভারত।" দহগ্রামের অধিবাসী ১০৫ বছরের সাহেদুল ইসলাম বললেন, "ইন্দিরা-মুজিব চুক্তির মতো আবার যেন কোনো কালক্ষেপণ না হয়, আমরা যেন ২৪ ঘণ্টা যাতায়াত করতে পারি।" তাদের সে আশা এবার পূরণ হয়েছে। দহগ্রাম-আঙ্গরপোতার তিন দিকে ভারতের কুচবিহার জেলা, একদিকে তিস্তা নদী, নদীর ওপারেও ভারতীয় ভূখণ্ড। ১৯৭৪ সালের মে মাসে ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী দক্ষিণ বেরুবাড়ীর বিনিময়ে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের অধিবাসীদের ভারত-সরকার মূল ভূ-খণ্ডে নির্বিঘেœ যাতায়াত ও চলাচলের জন্য তিন বিঘা করিডোর চিরস্থায়ী ইজারা দেওয়ার প্রতিশ্র"তি দেয়। তবে এরপর বিভিন্ন সময়ে আলোচনায় ইজারার শর্তাবলিসহ অন্য বিভিন্ন বিষয় ঠিক হলেও তিন বিঘা সব সময়ের জন্য খোলা রাখতে ভারতের সম্মতি পাওয়া যাচ্ছিলো না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৪৭ ঘ.