নোয়াখালী, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে জলদস্যুরা চার জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া তারা জাল ও মাছসহ চারটি ট্রলারও নিয়ে গেছে।
জেলেরা জানায়, সুখচর ইউনিয়নের হরিণবাজার এলাকায় মেঘনা নদীতে মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন- আরিফ মাঝি (৩৫), হোসেন মাঝি (২৫), কামাল উদ্দিন মাঝি (২০), আলাউদ্দিন মাঝি (৩৬)।
মেঘনা থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক নাঈম মিয়া সাংবাদিকদের জানান, নিজাম বাহিনীর সদস্যরা ভোরে মেঘনায় জেলেদের কয়েকটি ট্রলার থেকে চার জনকে অপহরণ করে নিয়ে গেছে।
এসময় বিভিন্ন ট্রলার থেকে ১০ জেলে নদীতে লাফিয়ে পড়ে অন্য ট্রলারে উঠে পালিয়ে আসতে সক্ষম হয় বলে জানান নাঈম।
নাঈম মিয়া আরো বলেন, দস্যুরা তার (নাঈম) দুটি, সেলিম মিয়া ও দুলাল মাঝির দুটিসহ চারটি ট্রলার নিয়ে যায়। এসব ট্রলারে জাল, মাছসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিল।
এ ব্যাপারে তমরদ্দি কোস্টগার্ডের পেটি অফিসার লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেঘনায় জেলেদের ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়েছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৮ ঘ.
bdnews24