চাঁদপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল খেলা নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
মঙ্গলবার বিকালে কালিরবাজারে সন্তোষপুর ও গজারিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুঁড়েছে।
আহতদের মধ্যে পুলিশের কনস্টেবল আ. রাজ্জাক, গ্রামবাসী খলিলুর রহমান (২৬) ও আলমগীর হোসনসহ (৩০) বেশ কয়েকজনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
ফরিদগঞ্জ থানার ওসি সুব্রত ব্যানার্জী জানান, রোববার বিকালে কালীরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে গজারিয়া গ্রামের যুবকরা ফুটবল খেলছিলো। এ সময় সন্তোষপুর গ্রামের কয়েকজন যুবকও ওই মাঠে ফুটবল খেলতে চায়।
এ নিয়ে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।
এর জের ধরেই মঙ্গলবার বিকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আমির জাফর বলেন, পরিস্থিতি শান্ত করতে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ার গ্যাস, ৬০ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান আমির জাফর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৩৬ ঘ.
bdnews24