২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা প্রসঙ্গ এড়িয়ে গেলেন 'আশাবাদী' দীপু মনি

ভারতের সংবাদ মাধ্যমে 'না' সূচক খবরের পরও আগের দিন তিস্তা চুক্তি নিয়ে জোরালো আশার কথা শুনিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি; তবে মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকের পর তার সে জোর আর দেখা গেলো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সংবাদ মাধ্যমে 'না' সূচক খবরের পরও আগের দিন তিস্তা চুক্তি নিয়ে জোরালো আশার কথা শুনিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি; তবে মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকের পর তার সে জোর আর দেখা গেলো না। মমতা বন্দোপাধ্যায়ে আপত্তির মুখে মনমোহন সিংয়ের এই সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি থেকে পিছু হটেছে নয়া দিল্লি- সোমবারই এ খবর প্রকাশ ও প্রচার করে ভারতের সংবাদ মাধ্যম। তাদের সংবাদের ভিত্তি হিসেবে কাজ করে ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাইয়ের বক্তব্য। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, তিস্তার পানিবণ্টন নিয়ে পশ্চিমবঙ্গের আপত্তি উপেক্ষা করে এগোবে না নয়া দিল্লি। কিন্তু তারপরও দীপু মনি সোমবার রাতে সাংবাদিকদের বলেন, মনমোহন সিংয়ের সফরে অন্যান্য বিষয়ের সঙ্গে তিস্তা চুক্তিও হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার। মঙ্গলবার সকালে বাজারে আসা কলকাতার প্রায় সব দৈনিকের শিরোনাম ছিলো- তিস্তা চুক্তি হচ্ছে না। আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে 'চুক্তি হচ্ছে না খবরে অস্বস্তি বেড়ে গেল ঢাকার'। সংবাদ প্রতিদিন লিখেছে- 'তিস্তা চুক্তি আপাতত স্থগিত'। তিস্তা চুক্তি না হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে বাংলা দৈনিক বর্তমান শিরোনাম করেছে- 'গুরুত্ব হারালো মনমোহনের সফর'। মনমোহন সিং ঢাকায় এলে মঙ্গলবার বিকালে সোনারগাঁও হোটেলে তার সঙ্গে বৈঠক করেন দীপু মনি। বৈঠক শেষে বেরিয়ে আসার পর তিস্তা চুক্তির বিষয়ে জানতে চাইলে সে প্রসঙ্গ এড়িয়ে যান মন্ত্রী। শুধু বলেন, "আমরা পুরো অঞ্চলের জনগণের আশা-আকাক্সক্ষা পূরণের জন্য যৌথভাবে কাজ করছি।" বৈঠকের বিষয়ে দীপু মনি বলেন, "রিজিওনাল সহযোগিতার ধারণায় ভারত উদ্বুদ্ধ হয়েছে বাংলাদেশের উদ্যোগে। তিনি (মনমোহন) মনে করে, এ উদ্যোগ সফল হবে।" দীপু মনি এড়িয়ে গেলেও তার সঙ্গে থাকা পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস প্রসঙ্গটি পুরোপুরি এড়াতে পারেননি। তিনি যা বলেছেন, তার মানে দাঁড়ায়- এ দফায় তিস্তা চুক্তি হচ্ছে না। লেগে থাকলে ভবিষ্যতে হতে পারে। মিজারুলের বক্তব্য হলো- "আমরা সব কিছু ইনক্রিমেন্টালি দেখছি। একটা চুক্তি সই না হওয়া মানে, এটা যদি আমরা ইনক্রিমেন্টালি দেখি, আমাদের চেষ্টা হলো এনগেজ থাকা। যদি ট্রেন্ডটা ধরে রাখতে পারি, তবে এগিয়ে যেতে পারবো।" এদিকে তিস্তা চুক্তি নিয়ে অনিশ্চয়তায় ট্রানজিট নিয়ে আলোচনায় ঢাকার না এগোনোর বিষয়েও সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। এ বিষয়ে জানতে চাইলে সচিব পাল্টা প্রশ্ন ছোড়েন, "আমি কি বলেছি?" ভারতের প্রধানমন্ত্রী ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। শীর্ষ বৈঠকের পর হবে চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা। তখনই জানা যাবে, কী কী চুক্তি, সমঝোতা স্মারক, সম্পতিপত্র সই হলো। তবে ঢাকার পক্ষ থেকে এতদিন ধরে বলা হচ্ছে- তিস্তার বিষয়টি বাদেও ফেনী নদীর পানি বণ্টন নিয়ে চুক্তি হবে মনমোহন সিংয়ের এ সফরে। চুক্তি হবে 'সহযোগিতার রূপরেখা' নিয়েও। এছাড়া ট্রানজিট বাস্তবায়নে সম্মতিপত্র বিনিময়েরও কথা রয়েছে দুই পক্ষের মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৮৫৫ ঘ.