চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথিত 'সিরিয়াল কিলার' রসু খার বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন চারটি মামলা পুরনো আদালতে ফিরে গেছে।
নির্ধারিত সময়ের মধ্যে বিচার কাজ শেষ না হওয়ায় মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান মামলাগুলো পূর্বের আদালতে ফিরিয়ে নেওয়ার অনুমতি দেন।
আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে ১৩৫ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এই সময়সীমা শেষ হওয়ায় মামলা চারটি আগের আদালতে ফেরত গেছে।
তিনি জানান, চাঁদপুর জেলা জজ আদালতে এই মামলাগুলোর নিয়মিত বিচার কাজ চলবে। ফিরে যাওয়া মামলা চারটিতে মঙ্গলবার পুনঃতদন্তের শুনানি হওয়ার কথা ছিল।
মামলা চারটি হলো- চাঁদপুরের ফরিদগঞ্জ থানাধীন পারভীন ধর্ষণ ও হত্যা, রুনা হত্যা ও ধর্ষণ, দিয়ারমণ্ডল গ্রামের জাহানারা খাতুন হত্যা এবং চাঁদপুর মডেল থানার মাসুফা খাতুন মেহেদী ধর্ষণ ও হত্যা মামলা।
চারটি মামলায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণের শেষ পর্যায়ে ছিল বলে জানান আইয়ুব।
দ্রুত বিচারের জন্য চলতি বছরের ৬ ফেব্র"য়ারি রসু খাঁর বিরুদ্ধে দায়ের ছয়টি ধর্ষণ ও হত্যা মামলা চাঁদপুর আদালত থেকে চট্টগ্রাম বিভাগীয় ট্রাইব্যুনালে স্থানান্তর হয়েছিল।
এর মধ্যে একটি মামলার রায়ে রসু খাঁ খালাস পেয়েছেন এবং অপর একটি মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০০৯ পর্যন্ত চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে নৃশংসভাবে হত্যার শিকার জাহানারা বেগম, রুনা বেগম, মাসরুরা খাতুন, পারভীন বেগম, শাহানারা খাতুন ও পপির লাশ উদ্ধার করা হয়। পুলিশ সে সময় নিহতদের পরিচয় উদঘাটন ও হত্যাকারীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় প্রতিটি মামলায় লাশ 'অজ্ঞাতপরিচয়' দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিলো।
২০০৯ সালের ২০ জুলাই টঙ্গীর নিরাশপাড়া মসজিদের ফ্যান চুরির একটি মামলায় রসু খাঁকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। এরপর একের পর এক এসব হত্যা মামলার রহস্যজট খোলার খবর দিতে শুরু করে পুলিশ। ১১ নারীকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয় রসুর বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭১০ ঘ.
bdnews24