ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রানজিটের নামে বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের করিডোর হিসেবে ব্যবহারের সুযোগ করে দেওয়া হলে তা প্রতিরোধের ঘোষণা মনমোহন সিংয়ের সফরের দিনেও দিলেন Ÿিএনপি নেতা এম কে আনোয়ার।
তবে ভারতের প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান আশা করেছেন তিনি, তবে এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষার ওপর জোর দিয়েছেন বিএনপি নেতা।
মনমোহনের সফরে সম্ভাব্য চুক্তিগুলো নিয়ে সরকার গোপনীয়তা অবলম্বন করছে বলেও অভিযোগ করেন আনোয়ার।
দুই দিনের সফরে মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন মনমোহন। তার এ সফরে অভিন্ন নদীর পানি বণ্টন, ভারত থেকে বিদ্যুৎ কেনাসহ কয়েকটি বিষয়ে চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক এবং ট্রানজিট বাস্তবায়নের লক্ষ্যে সম্মতিপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
মনমোহন ঢাকার পা রাখার মুহূর্তেই জাতীয় প্রেসক্লাবে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার বলেন, "আমরা ভারতের প্রধানমন্ত্রীকে ঢাকায় স্বাগত জানাচ্ছি। কিন্তু দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সরকার ট্রানজিটের নামে করিডোর দেওয়ার চুক্তি করলে জনগণ তা মেনে নেবে না। এ রকম কিছু হলে মানুষ বসে থাকবে না। প্রয়োজনে আরেক মুক্তিযুদ্ধ করবে।"
সীমান্তে হত্যা বন্ধ, টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধ, তিস্তার পানি বণ্টনসহ বিভিন্ন সমস্যার সমাধান অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, "ওই সব সমস্যার সমাধান না করে ট্রানজিটের নামে সরকার ভারতকে করিডোর দিতে চায়। এটা হলে পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও ভারতের গাড়ি-ট্রাক অবাধে চলবে।"
ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তি ও সমঝোতার বিষয়ে সংসদে ও মন্ত্রিসভায় আলোচনা না করারও সমালোচনা করেন আনোয়ার। তার যুক্তি- এতে প্রমাণিত হয় গোপনীয়ভাবে তারা (সরকার) সব কিছু করছে।
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার উদ্যোগে 'পিন্ডির বিরুদ্ধে লড়েছি, দিল্লির গোলামি কবুল করার জন্য নয়' শীর্ষক ওই কনভেনশনে বিএনপিসহ চারদলীয় জোট ও তাদের মিত্র আটটি দল এবং পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। এতে প্রস্তাব উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান।
সভায় সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহমুদুর রহমান বলেন, "ট্রানজিট চুক্তি আমরা মানবো না। এর মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেওয়া হবে।"
মনমোহনের সফরে গোপন চুক্তি হবে- এ সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, "একদিকে ভারতের প্রধানমন্ত্রী ঢাকায় এসেছেন। চুক্তি সই হওয়ার দিন ঢাকা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ফুটবলের আসর (আর্জেন্টিনা-নাইজেরিয়া খেলা)। অর্থাৎ তরুণ প্রজন্মকে ফুটবলে মাতোয়ারা করে রাখতেই এটা ষড়যন্ত্রের অংশ বিশেষ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৫০ ঘ.
bdnews24