২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসেননি ভারতের পানিসম্পদমন্ত্রী

মনমোহন সিংয়ের সফরসঙ্গীর তালিকায় নাম থাকলেও ঢাকায় আসেননি ভারতের পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানসাল, যা তিস্তা চুক্তির অনিশ্চয়তা আরো স্পষ্ট করে তুললো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 08:23 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের সফরসঙ্গীর তালিকায় নাম থাকলেও ঢাকায় আসেননি ভারতের পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানসাল, যা তিস্তা চুক্তির অনিশ্চয়তা আরো স্পষ্ট করে তুললো। দুদিনের সফরে মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা এবং চারটি রাজ্যের মুখ্যমন্ত্রী। মনমোহনের সফরসঙ্গীর তালিকায় থাকলেও তিস্তার পানি বণ্টন চুক্তির খসড়ায় আপত্তি জানিয়ে নিজের নাম প্রত্যাহার করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এরপর পবন কুমার বানসালও সফরে এলেন না। ভারতের সংবাদ মাধ্যমের খবর- তিস্তার পানি বণ্টন চুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে; যদিও বাংলাদেশের পক্ষ থেকে তারপরও আশা ছাড়া হচ্ছে না। ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই সোমবার সাংবাদিকদের বলেন, তিস্তার পানি বণ্টন নিয়ে পশ্চিমবঙ্গের আপত্তি উপেক্ষা করে এগোবে না নয়া দিল্লি। তবে এরপরও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেন, মনমোহন সিংয়ের সফরে অন্যান্য বিষয়ের সঙ্গে তিস্তার পনি বণ্টন নিয়েও চুক্তি হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার। অন্যদিকে বেঁকে বসা মমতাকে সোমবার রাতে টেলিফোন করে মনমোহন সিং আশ্বস্ত করেছেন, তার সফরে এমন কোনো চুক্তি হবে না, যা পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষুন্ন করবে। তৃণমূলের এক নেতার উদ্ধৃতি দিয়ে কলকাতার বিভিন্ন সংবাদপত্রে বলা হয়, "দিদি (মমতা) প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন, কেন তিস্তার চুক্তির খসড়া নিয়ে তার আপত্তি। প্রধানমন্ত্রীও বলেছেন, যা কিছু হবে পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা করেই হবে।" আনন্দবাজার বলছে, তিস্তা চুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। মনমোহন ঢাকায় এসে জানাবেন, অদূর ভবিষ্যতে তিস্তা চুক্তি করতে দিল্লি বদ্ধপরিকর। তবে বাস্তব পরিস্থিতি বুঝিয়ে ঢাকাকে বলা হবে- 'তাড়াহুড়ো করে অর্ধসিদ্ধ খাবার পরিবেশন না করে একটু অপেক্ষা করে পুরোসিদ্ধ খাবার খাওয়াই ভালো'। কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনও লিখেছে- তিস্তা চুক্তি আপাতত স্থগিত। তিস্তা চুক্তি না হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে বাংলা দৈনিক বর্তমান শিরোনাম করেছে- গুরুত্ব হারালো মনমোহনের সফর। হিন্দুস্থান টাইমস শিরোনাম করেছে- তিস্তা চুক্তিতে জল ঢেলে দিলেন মমতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৪২০ ঘ.