২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণাঙ্গ বাংলাবান্ধা স্থলবন্দর চান ব্যবসায়ীরা

ধুমধাম করে এ বছরের শুরুতে বাংলাদেশ ও ভারতের নেতারা বাংলাবান্ধা স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালুর ঘোষণা দিলেও তা এখনো কার্যকর হয়নি। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে সেই প্রতিশ্র"তির বাস্তবায়ন চান ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 07:58 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

সাইফুল আলম বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি পঞ্চগড়, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধুমধাম করে এ বছরের শুরুতে বাংলাদেশ ও ভারতের নেতারা বাংলাবান্ধা স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালুর ঘোষণা দিলেও তা এখনো কার্যকর হয়নি। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে সেই প্রতিশ্র"তির বাস্তবায়ন চান ব্যবসায়ীরা। বাংলাদেশ ও নেপালের মধ্যে পণ্য আনা নেওয়ার মাধ্যমে ১৯৯৭ সালের ১লা সেপ্টেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়। এ বছরের ২২ জানুয়ারি দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে ভারতও এতে যুক্ত হয়। কিছুদিন আগে এ বন্দর দিয়ে ভারতে ইট ও তুলা রপ্তানি হলেও এ দুটি পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করায় বর্তমানে পণ্য রপ্তানি বন্ধ আছে। তবে, ভারত থেকে নিয়মিত পাথর আমদানি হচ্ছে। আর নেপাল থেকে আসছে মসুর ডাল; যাচ্ছে ব্যাটারি, গ্লাস, কোমল পানীয়, ওয়েস্ট কটন, ফেব্রিক্সসহ বিভিন্ন পণ্য। গত অর্থবছরে এ বন্দর থেকে প্রায় ৪ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন। তাদের ধারণা, পূর্ণাঙ্গ স্থলবন্দর হলে বছরে দেড় হাজার কোটি টাকা রাজস্ব আয় হবে। ঃ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা আব্দুল লতিফ জানান, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ভারত থেকে শুধু পাথর আমদানি করা যাবে। আর বাংলাদেশ সব বৈধ পণ্য রপ্তানি করতে পারবে। তবে, ভারত থেকে সব পণ্য আমদানির সুযোগ না থাকায় সেখানকার ব্যবসায়ীরাও বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে উৎসাহী হচ্ছে না। আর এ কারণে বন্দরটি পুরোপুরি সচল হচ্ছে না। এ বছরের ২২ জানুয়ারি ভারতের ফুলবাড়ীতে বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় দুই দেশের পণ্যবাহী ট্রাক প্রবেশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। মতিয়া চৌধুরী সেদিন তিন মাসের মধ্যে ইমিগ্রেশন চেকপোস্ট চালুসহ বাংলাবান্ধায় ব্যাপকভাবে আমদানি ও রফতানি কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও সেই ঘোষণা আজো বাস্তবায়ন হয়নি বলে জানান ব্যবসায়ীরা। ভারতের বেঙ্গল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন দাস মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাপকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্যে ভারতের ফুলবাড়ীতে নানা অবকাঠামোর নির্মাণ দ্রুতগতিতে চলছে। তবে, বাংলাদেশে সব পণ্যের প্রবেশাধিকার না থাকায় ভারতীয় ব্যবসায়ীরা কিছুটা উৎসাহ হারিয়ে ফেলছেন। তিনি জানান, ব্যবসায়ীরা ভারতে বাংলাদেশের হাইকমিশনারের মাধ্যমে চিঠি দিয়ে ভারতীয় ৫৪টি পণ্যের প্রবেশাধিকার চেয়েছেন। শিলিগুড়িতে বাংলাদেশের সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক এ কে এম সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর ভারতীয় অনেক ব্যবসায়ী ব্যাংকে হিসাব খুলেছেন। তারা নিয়মিত ব্যাংকে এসে ব্যবসার খোঁজ-খবর নিচ্ছেন। এতে মনে হচ্ছে বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে তাদের যথেষ্ট আগ্রহ রয়েছে। বর্তমানে ভারত থেকে পাথর আমদানিকারী পঞ্চগড়ের আমদানি-রফতানিকারক ব্যবসায়ী মেহেদী হাসান বাবলা ভারতীয় প্রধানমন্ত্রীর সফরে দুইদেশের মধ্যে ফলপ্রসু আলোচনার মাধ্যমে বন্দরটি পুরোদমে সচল করার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে এ বন্দর দিয়ে ভবিষ্যতে ভুটান ও চীনের সঙ্গেও বাণিজ্য কার্যক্রম চালানোর সম্ভাবনা কাজে লাগানো যেতে পারে। পঞ্চগড় চেম্বারের সভাপতি ইকবাল কায়সার মিন্টু ভারত ও বাংলাদেশের দুই মন্ত্রীর প্রতিশ্র"তির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ তাদের প্রতিশ্র"তির বাস্তবায়ন দেখতে চায়। বন্দর বেসরকারি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যাবস্থাপক কাজী আল তারেক বলেন, বন্দরটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য ওয়েট মেশিন, ওয়্যার হাউসহ অন্যান্য সব সুবিধাই বিদ্যমান আছে। কিন্তু সীমিতভাবে কার্যক্রম চলায় সেসব মূল্যবান মেশিনারিজ ও অবকাঠামো অব্যবহৃত হয়ে পড়ে আছে। বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, স্থানীয় আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকারের উচিত বন্দরটি পুরোদমে চালুর ব্যবস্থা নেয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩৩৯ ঘ.