ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নামার পর ১৯ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাগত জানানো হয়েছে মনমোহন সিংকে। ভারতীয় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবেশী দুই দেশের সম্পর্কের নতুন দিন্তের সূচনা ঘটানোর লক্ষ্য নিয়ে নয়া দিল্লি থেকে রওনা হয়ে মঙ্গলবার বেলা পৌনে ১২টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মনমোহন।
বিশেষ বিমান থেকে নামার পর ভিআইপি টারমাকে দুটি শিশু ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ভারতীয় প্রধানমন্ত্রী ও তার স্ত্রী গুরুশরণ কাউরকে। এরপর শেখ হাসিনা অভ্যর্থনা জানান।
টারমাকে একটি মঞ্চে দাঁড়ান ভারতীয় প্রধানমন্ত্রী। ওই সময় ১৯ বার তোপধ্বনিতে ঢাকায় তাকে স্বাগত জানানো হয়। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা।
তিন বাহিনীর সুসজ্জিত একটি দল ভারতের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করেন। ওই সময় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হয়।
গার্ড পরিদর্শনের পর মনমোহনকে মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে সড়ক পথে সাভারের উদ্দেশে রওনা হন মনমোহন। সেখানে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে কামরাঙ্গা গাছের একটি চারাও রোপণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী।
স্মৃতিসৌধ থেকে ঢাকায় সোনারগাঁও হোটেলের পথে রওনা হন মনমোহন। সফরে এখানেই থাকবেন তিনি।
১২ বছরের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনমোহনই প্রথম দ্বিপাক্ষিক সফরে ঢাকা এলেন। তার সফরসঙ্গী রয়েছেন বাংলাদেশ লাগোয়া চারটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এত জন মুখ্যমন্ত্রী নিয়ে এর আগে ভারতের কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে আসেননি।
মনমোহনের এ সফর নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সফর বাতিল এবং তিস্তার পানি বণ্টন নিয়ে অনিশ্চয়তা ছায়া ফেলেছে। ভারতের পানিসম্পদমন্ত্রী পবন কুমার বনসালের আসার কথা থাকলেও তিনি আসেননি।
মহমোহনের এই সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে সহযোগিতার 'রূপরেখা চুক্তি' সই হবে। এ ছাড়া অভিন্ন নদীর পানি বণ্টন, ভারত থেকে বিদ্যুৎ কেনাসহ কয়েকটি বিষয়ে চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক এবং ট্রানজিট বাস্তবায়নের লক্ষে সম্মতিপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
মনমোহনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাও রয়েছেন। সফরসঙ্গী চার মুখ্যমন্ত্রী হলেন- আসামের তরুণ গোগৈ, মেঘালয়ের মুকুল সাংমা, ত্রিপুরার মানিক সরকার এবং মিজোরামের পু লালথানহাওলা।
ভারতের প্রধানমন্ত্রী সোমবার এক বিবৃতিতে বলেন, "বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নয়ন এবং একে আরো এগিয়ে নেওয়ার বিষয়টিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এই সম্পর্কের শিকড় প্রোথিত রেয়েছে দুই দেশের ইতিহাস, সংস্কৃতি এবং স্বাধীনতার জন্য সংগ্রামের মাঝে। উভয় দেশ একই ধরনের গণতান্ত্রিক চেতনা এবং উন্নয়নের স্বপ্ন লালন করে।"
বাংলাদেশ ও ভারত বর্তমানে 'সহযোগিতা ও অংশীদারিত্বের' এক অনন্যসাধারণ সময় অতিবাহিত করছে উল্লেখ করে মনমোহন বলেন, "২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় যে সিদ্ধান্তগুলো হয়েছিল, সেগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার একটি সুযোগ এই সফরে আমরা পাচ্ছি। নিরাপত্তা, সীমানা বিরোধ, পানি সম্পদ, বিদ্যুৎ, সীমান্ত অবকাঠামো, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা সন্তোষজনক। আমাদের এই অভিযাত্রা অব্যাহত থাকবে।"
বিবৃতিতে মনমোহন আশা প্রকাশ করেন, এই সফরের পর বাংলাদেশ-ভারত সহযোগিতা সকল ক্ষেত্রে বিস্তৃত হবে।
"এসব বিষয়ে আমরা চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারবো বলেও আমাদের বিশ্বাস।"
সফরসূচি
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিকেল ৪টার পর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আলাদাভাবে সাক্ষাৎ করবেন মনমোহন সিংয়ের সঙ্গে।
বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন মনমোহন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের নেতৃত্বে শুরু হবে দুই পক্ষের আনুষ্ঠানিক বৈঠক। সেখানেই চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারকে সই করবেন দুই দেশের প্রতিনিধিরা।
রাতে শেখ হাসিনার দেওয়া নৈশভোজে যোগ দেবেন মনমোহন সিং।
ভারতীয় প্রধানমন্ত্রী বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে 'বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়া' শীর্ষক বক্তৃতা দেবেন। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বুধবার মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করবেন বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
দুই দিনের সফর শেষে বিকেল পাঁচটা ২৫ মিনিটে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
কঠোর নিরাপত্তা ও মিডিয়া সেন্টার
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।
স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার বলেছেন, মনমোহন সিংসহ ভারতীয় প্রতিনিধি দলের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রোববার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ জানান, অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
এ সময় র্যাবের প্রায় আড়াই হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানান র্যাবের মহাপারিচালক মোখলেছুর রহমান।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর উপলক্ষে তথ্য অধিদপ্তরের উদ্যোগে হোটেল রূপসী বাংলার মার্বেল রুমে একটি মিডিয়া সেন্টার খোলা হয়েছে।
৬ ও ৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত চালু থাকবে এই মিডিয়া সেন্টার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএসজেড/এমআই/১৩০৩ ঘ.
bdnews24