ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ মন্ত্রণালয়ের সব তথ্য টিআইবিকে দেওয়া হয়- মন্ত্রীর এ বক্তব্যের প্রেক্ষিতে টিআইবি বলেছে, ওই তথ্য দিয়ে পুরো মন্ত্রণালয়ের স্বচ্ছতা মূল্যায়ন সম্ভব নয়।
রোববার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, "যোগাযোগ মন্ত্রণালয়ের উন্নয়ন সংক্রান্ত সব তথ্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) পাঠানো হয়।"
টিআইবি সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছে, যোগাযোগ মন্ত্রণালয়ের দরপত্র সংক্রান্ত কয়েকটি দলিলের ভিত্তিতে পুরো মন্ত্রণালয়ের কার্যক্রমের স্বচ্ছতার মূল্যায়ন সম্ভব নয়।
মন্ত্রী আবুল হোসেনের 'সততা প্রশ্নবিদ্ধ' বলে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির ওয়াশিংটনে পাঠানো তারবার্তার ভিত্তিতে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম একটি সংবাদ প্রকাশের পরদিন টিআইবিকে নথি পাঠানোর কথা জানান আবুল হোসেন।
মন্ত্রণালয় থেকে টিআইবিতে দরপত্র সংক্রান্ত দলিল পাঠানো প্রসঙ্গে বিবৃতিতে সোমবার প্রতিষ্ঠানটি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "যোগাযোগ মন্ত্রণালয়ের টেন্ডার সংক্রান্ত কয়েকটি দলিল টিআইবির কাছে ঠিকই পাঠানো হয়েছে। তবে তার ভিত্তিতে পদ্মা সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া কিংবা যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রমের স্বচ্ছতার মূল্যায়ন করা সম্ভব নয়।
"এরূপ মূল্যায়ন বা সংশ্লিষ্ট প্রক্রিয়ায় স্বচ্ছতার বিষয়ে কোনো প্রকার মন্তব্য করার জন্য যে ধরনের অনুসন্ধান ও সম্পৃক্ততার প্রয়োজন সে সুযোগ টিআইবির হাতে নেই।"
বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতুর নির্মাণকে ঘিরে দুর্নীতির আশঙ্কায় টিআইবির পক্ষ থেকে যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে ২০০৯ সালের জুলাই মাসে একটি 'সততা চুক্তির' রূপরেখা প্রস্তাব করা হয়।
'এতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দরপত্রে অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করে এরূপ চুক্তি প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতার প্রস্তাব করা হলেও মন্ত্রণালয়ের কোনো সাড়া পাওয়া যায়নি।'
পদ্মা সেতু নির্মাণ তদারকি প্রতিষ্ঠান নির্বাচনে তৈরি সংক্ষিপ্ত তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বিরুদ্ধে বিশ্ব ব্যাংকের অনুরোধে কানাডা তদন্ত করেছে বলে শুক্রবার খবর প্রকাশ হয়েছে।
২৯০ কোটি ডলার ব্যয়ে নির্মিতব্য পদ্মা সেতুর জন্য ৪০ বছর মেয়াদে একশ ২০ কোটি ডলার ঋণ দিতে বাংলাদেশের সঙ্গে গত এপ্রিলে চুক্তি হয় বিশ্ব ব্যাংকের। সংক্ষিপ্ত তালিকা থেকে তদারকি প্রতিষ্ঠান নির্বাচন করবে বিশ্ব ব্যাংকই।
এ প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬১ কোটি ৫০ লাখ ডলার, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ৪০ কোটি ডলার এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ১৪ কোটি ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। বাকি ২৫ কোটি ৭০ লাখ ডলার দেবে বাংলাদেশ সরকার।
পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে প্রায় ১০ কিলোমিটার। দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের মধ্যাঞ্চলের যোগাযোগ স্থাপনকারী এ সেতুর ছয় দশমিক ১৫ কিলোমিটার থাকবে নদীর ওপর। বাকি প্রায় চার কিলোমিটার হবে দুই পাড়ে মাটির ওপর।
২০১৪ সালের মধ্যে এ সেতু নির্মিত হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২২১৪ ঘ.
bdnews24