চাঁদপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীতে বিকল হওয়া ঢাকাগামী লঞ্চের সব যাত্রীদের উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে প্রায় সাতশ যাত্রী নিয়ে 'লেপছা' নামে লঞ্চটি মাঝেরচর এলাকায় বিকল হয়ে পড়ে। এটি খুলনার মোড়লগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলো।
লঞ্চটির সুপারভাইজার আরিফ হোসেন সাংবাদিকদের জানান, সকাল ১১টায় মাঝেরচর এলাকায় লঞ্চটির বাম পাশের পেডেল বিকল হয়ে যায়। মেরামতের জন্য নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিসির প্রকৌশলীদের খবর দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের ব্যাবস্থাপক আবু আলম হাওলাদার জানান, আটকে পড়া যাত্রীদের বিআইডব্লিউটিসির ফেরিতে করে চাঁদপুর ঘাটে নিয়ে আসা হয়। পরে অন্য একটি লঞ্চে করে ঢাকায় পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬২২ ঘ.
bdnews24