সিলেট, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)-সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে সাত বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত।
রোববার বিকাল ৪টা ৫০ মিনিটে ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
এরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার বালিগ্রামের হারুনুর রশিদ (২০), আলমাস আলী (২২), আলমগীর হোসেন (২০), গোয়াইনঘাটের বড় আলী গ্রামের মোহাম্মদ আলী (২৭), কানাইঘাট উপজেলার সুনারখেড় গ্রামের ডালিম উদ্দিন (২০), আবদুল মজিদ (১৮) ও মামুন রশিদ (১৮)।
তারা ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। এরমধ্যে চারজন দু'বছর করে এবং তিনজন ২৫ দিন কারাগারে ছিলেন।
তামাবিল শুল্ক স্টেশনের পুলিশ চেক পোস্টের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, কাজের কথা বলে সীমান্ত এলাকার ভারতীয় খাসিয়ারা তাদের ওই দেশে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, এই সাতজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
ফেরত আসা হারুনুর রশিদ, আলমাস আলী, আলমগীর হোসেন, মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে জানান, ২০০৯ সালের অক্টোবর মাসে ভারতীয় খাসিয়ারা বেশি মজুরি দেওয়ার কথা বলে তাদের সুপারি বাগানে কাজ করতে নিয়ে যায়।
লালাখাল সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেন। প্রবেশের পরপরই ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে। তারা খোয়াই সেন্ট্রাল জেলে দু'বছর সাজাভোগ করেন।
একইভাবে ডালিম উদ্দিন, আবদুল মজিদ ও মামুন ২৫ দিন জেল খাটেন বলে জানান।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.
bdnews24