২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনের সফরেই ট্রানজিটের সম্মতিপত্র

ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রানজিট সুবিধা বাস্তবায়নের লক্ষ্যে মনমোহন সিংয়ের আসন্ন ঢাকা সফরে 'সম্মতিপত্র' বিনিময় হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রানজিট সুবিধা বাস্তবায়নের লক্ষ্যে মনমোহন সিংয়ের আসন্ন ঢাকা সফরে 'সম্মতিপত্র' বিনিময় হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এই সম্মতিপত্রের ভিত্তিতেই ট্রানজিটের আইনি কাঠামো, পরিচালনা পদ্ধতি, প্রটোকলসহ খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করা হবে। "বিদ্যমান চুক্তি ও প্রটোকলই হবে বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার মূল ভিত্তি," বলেন মন্ত্রী। দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন ভারতীয় প্রধানমন্ত্রী মরমোহন সিং। তার এই সফরে তিস্তার পনিবণ্টনসহ তিনটি চুক্তি, দুটি প্রটোকল ও কয়েকটি সমঝোতা স্মারক স্বক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। দীপু মনি বলেন, ট্রানজিট বাস্তবায়নের খুঁটিনাটি চূড়ান্ত করতে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব কিছুই করা হবে। রূপরেখা চুক্তি পররাষ্ট্রমন্ত্রী জানান, মনমোহনের সফরে দুই প্রধানমন্ত্রী একটি রূপরেখা চুক্তিতে সই করবেন, যার ভেতরেই দুই দেশের সহযোগিতার সবগুলো ক্ষেত্রের উল্লেখ থাকবে। "সামগ্রিকভাবে এই অঞ্চলের লাভের বিষয়টি মাথায় রেখেই এ রূপরেখা তৈরি করা হয়েছে," যোগ করেন তিনি। রূপরেখা চুক্তি ছাড়াও তিস্তা ও ফেনী নদীর পনি বণ্টন নিয়ে দুটি চুক্তি সই হবে মনমোহনের সফরে। তিস্তা চুক্তির আওতায় বাংলাদেশ কী পরিমাণ পানি পাবে জানতে চাইলে মন্ত্রী বলেন, সাম্য ও ন্যায্যতার ভিত্তিতেই বিষয়টি চূড়ান্ত করা হবে। "তবে আমি এটা নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশকে কেবল ২৫ শতাংশ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে না।" ভারতের লোকসভার সদস্য আবু হাসেম খান চৌধুরীকে উদ্ধৃত করে গত শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তিস্তার পানির ৭৫ শতাংশ ভারত নেবে এবং ২৫ শতাংশ বাংলাদেশ পাবে। অবশ্য কলকাতায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মধ্যে এক বৈঠকের বরাত দিয়ে গত বৃহস্পতিবার সেখানকার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, এ চুক্তি বাস্তবায়ন হলে শিলিগুড়ি থেকে ২৫ কিলোমিটার দূরে ভারতের গজলডোবা পয়েন্টে তিস্তায় প্রবাহিত পানির পরিমাণ হিসাব করে দু'দেশের মধ্যে পানিবণ্টন হবে। ৪৬০ কিউসেক হারে পানির সঞ্চয় রেখে বাকি পানির ৫২ শতাংশ নেবে ভারত, ৪৮ শতাংশ পাবে বাংলাদেশ। উত্তর সিকিমের সো লামো হ্র্রদ থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি হয়ে তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের ভেতর দিয়ে ১২৪ কিলোমিটার পথ পেরিয়ে তিস্তা মিশেছে ব্রহ্মপুত্রে। স্থলসীমা নিয়ে প্রটোকল ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফরে স্থল সীমা নিয়ে বিরোধ নিরসনে একটি প্রটোকল স্বাক্ষরিত হবে বলে সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। "এর মধ্যে দিয়ে অচিহ্নিত সীমানা, অপদখলীয় ভূমি ও ছিটমহল নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যার সমাধান হবে।" বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরের ভারতের ১১১টি এবং ভারতের পশ্চিমবঙ্গের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে ৬ দশমিক ৫০ কিলোমিটার অচিহ্নিত সীমানা নির্ধারণ করে নকশায় সই করার কাজও স¤প্রতি শুরু হয়েছে। মনমোহনের এই সফরে বাঘ সংরক্ষণের বিষয়ে একটি প্রটোকল এবং সুন্দরবনের প্রণিবৈচিত্র সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, বাংলাদেশ টেলিভিশন ও পশ্চিমবঙ্গের দূরদর্শনের মধ্যে সহযোগিতা, মৎস্য খাতের উন্নয়ন এবং ঢাকা ও দিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করবেন দুই পক্ষের প্রতিনিধিরা। উইকিলিকস প্রসঙ্গ গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লী সফরের সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে অসন্তুষ্টি প্রকাশ করেন তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী- উইকিলিকসে প্রকাশিত এ সম্পর্কিত মার্কিন কূটনেতিক নথির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সংবাদ সম্মেলনে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন মন্ত্রী। বরং তিনি বলেন, "আমরা যখন ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, তখনই একটি মহল ভুল খবর ছড়ানোর চেষ্টা করছে। আমি জানি না তারা কেন এটা করছে।" ২০১০ সালে ঢাকা থেকে ওয়াশিংটনে পাঠানো এক গোপন বার্তায় তখনকার মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, ওই বছর ১০ জানুয়ারি এক বৈঠকে গওহর রিজভী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা নিয়ে তার কাছে অসন্তোষ প্রকাশ করেন। গওহর বলেন, 'তাদের সৃজনশীলতা ও দূরদৃষ্টির অভাব রয়েছে'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২০৩৮ ঘ.