ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কারের জন্য প্রায় এক বছর বন্ধ থাকার পর রোববার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৪ নম্বর ইউনিটে উৎপাদন শুরু হয়েছে।
আশুগঞ্জ পাওয়ার ষ্টেশনের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম জানান, ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ ইউনিটে সকাল ৮টায় উৎপাদন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ৪ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং এতে দেশের বিদ্যুৎ ঘাটতি কিছুটা হলেও লাঘব হবে।
নূরুল আলম জানান, প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে জাপান ও জার্মান প্রকৌশলীদের তত্ত্বাবধানে ২০১০ সালের ১২ সেপ্টেম্বর থেকে ৪ নম্বর ইউনিটে সংস্কারের কাজ শুরু হয়।
দীর্ঘদিন সংস্কার না করায় নানা যান্ত্রিক ত্র"টির কারণে এ ইউনিটটি প্রায়ই বন্ধ থাকতো বলে জানান নূরুল।
তবে এখন সংস্কারের কাজ করায় আগামী ১৫ বছর এ ইউনিটে বড় ধরনের কোনো সমস্যা হবে না বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৩৭ ঘ.
bdnews24