ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আর্জেটিনা-নাইজেরিয়া ফুটবল দলের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে এ কথা বলেন তিনি।
দুদিনের সফরে আগামী মঙ্গলবার ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার সঙ্গে ভারতের পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আসার কথা রয়েছে। এছাড়া নাইজেরিয়ার বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলতে আর্জেন্টিনা ফুটবল দল ঢাকায় আসছে ৫ সেপ্টেম্বর।
সাহারা খাতুন বলেন, "নিরাপত্তা বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় মনিটরিং করা হবে।"
এবার ঈদ গত ১০ বছরেরর তুলনায় ভাল হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইন্ডিয়ান এক্সপ্রেসে সংবাদ ছাপা হয়েছে- বাংলাদেশে গত ১০ বছরের মধ্যে এবার ঈদ সুষ্ঠভাবে হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে জরুরি ভিত্তিতে রাস্তাঘাট মেরামত করায় ঈদে ঘরমুখী যাত্রীদের কোন সমস্যা হয়নি বলেও দাবি করেন সাহারা।
"মানুষজন স্বাচ্ছন্দ্যে বাড়ি গিয়েছেন এবং ফেরত আসছেন। ঈদের সময় কোন সড়কে যানজট ছিল না," যোগ করেন মন্ত্রী।
ঈদ বাজারে চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং চাঁদাবাজি হয়নি বলেও দাবি করেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, এবার ঈদ অনেক ভাল হয়েছে এবং লোকজন স্বাচ্ছন্দ্যে বাড়ি গিয়ে ঈদ করেছে।
স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার বলেন, মনমোহন সিং এবং আর্জেটিনা ও নাইজেরিয়া দলের সফরের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৪০৯ ঘ.
bdnews24