ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় ইবনে সিনা হাসপাতালের এক চিকিৎসকসহ ছয় জনকে জামিন দিয়েছে আদালত।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন রোববার দুই হাজার টাকা করে মুচলেকায় ওই ছয় জনকে জামিন দেন।
জামিনপ্রাপ্তরা হলেন- ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক সৈয়দ আনোয়ারুল আবেদীন, সেবিকা আমেনা খাতুন, আয়েশা আক্তার মলি, হাসপাতালের মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান ও আকতার হোসেন খান।
এক নবজাতকের মৃত্যুর ঘটনায় তার বাবা ইদ্রিস শিকদার ২৪ অগাস্ট একটি মামলা করেন। সে মামলায় ধানমণ্ডি থানা পুলিশ পরদিন এই চিকিৎসক-কর্মকর্তাদের গ্রেপ্তার করে।
এরপর ২৬ অগাস্ট আনোয়ারুল, আমেনা ও আয়েশাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই দিন হেফাজতে (রিমান্ড) পায়। বাকি তিন জনকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত।
গত ১৫ অগাস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীতে প্রচারিত একটি প্রতিবেদনে ইদ্রিসের সন্তানের মৃত্যুর খবর প্রচার করে বলা হয়, চিকিৎসায় অবহেলাই ওই শিশুর মৃত্যুর কারণ।
বিষয়টি হাইকোর্টের নজরে এলে বৃহস্পতিবার ওই হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বাদে অন্য সব সদস্যকে গ্রেপ্তারের নির্র্দেশ দেয় আদালত। এ বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/০১৩৫ ঘ.
bdnews24