২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তারেককে নির্বাচন থেকে দূরে রাখতে চায় সরকার'

নির্বাচন থেকে দূরে রাখতে তারেক রহমানকে বিভিন্ন মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন থেকে দূরে রাখতে তারেক রহমানকে বিভিন্ন মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে তারেকের 'কারামুক্তি দিবসের' এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, "আমরা বলে দিতে চাই- তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। ৮৬ সালের মতো বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই সংসদ ১৬ দিনও থাকবে না।" জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক সংসদের উদ্যোগে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় কারামুক্তি দিবস উপলক্ষে "ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধার ও তারেক রহমানের কারাবরণ" শীর্ষক এই আলোচনা সভা হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর ৭ মার্চ তারেক রহমানকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করেছিলো তত্ত্বাবধায়ক সরকার। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য লণ্ডন যান তিনি। ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে জড়ানোর সমালোচনা করে তিনি বলেন, "এটা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের নীল নকশার অংশ বিশেষ। উদ্দেশ্য একটি- তাকে নির্বাচন থেকে দূরে রাখা।" "তারেক রহমানের বিরুদ্ধে যতগুলো মামলা দেওয়া হয়েছে, তার কোনটিরও সাক্ষ্যপ্রমাণ খুঁজে পায়নি।" ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় অন্তত ২৪ জন নিহত ও কয়েকশ নেতাকর্মী আহত হয়। ওই মামলার সম্পূরক অভিযোগপত্রে বিএনপি আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ তারেক রহমানকেও আসামি করা হয়েছে। ওই ঘটনায় দুটি মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে। মির্জা ফখরুল বলেন, "যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুৎ ও খনিজ সম্পদসহ বিভিন্ন মন্ত্রণালয় দুর্নীতিতে ছেয়ে গেছে। কয়েকটি পরিবারকে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।" "আমেরিকা, কানাডার টরন্টো, লন্ডনে কারা কত বাড়ি আছে। কোথায় থেকে কোটি কোটি টাকা পাচ্ছে তারা। দেশের মানুষ সব কিছু জানে।" সংগঠনের সভানেত্রী খালেদা ইয়াসমীনের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মুহাম্মদ রাহমাতুল্লাহ, অবসরপ্রাপ্ত মেজর এম এ হানিফ প্রমুখ বক্তব্য দেন। কারামুক্তি দিবস উপলক্ষে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সহসভাপতি সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহানগর সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭৫৪ ঘ.