২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার দাবি বিএনপির

তিস্তার পানি বণ্টন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার দাবি জানিয়েছে বিএনপি, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে এ চুক্তি হওয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 07:35 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি বণ্টন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার দাবি জানিয়েছে বিএনপি, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে এ চুক্তি হওয়ার কথা রয়েছে। বিএনপি আশা করছে, ভারতের প্রধানমন্ত্রীর সফরে শুধু তিস্তাই নয়, সব যৌথ নদীর নদীর পানির বণ্টন নিয়ে সমস্যার সমাধান আসবে। তবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একইসঙ্গে সরকারকে হুঁশিয়ার করেছেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে তারা আন্দোলনে নামবেন; যদিও একদিন আগেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, সরকার দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকা আসছেন মনমোহন সিং। তার সফরে তিস্তার পানি বণ্টনে অন্তর্বর্তী একটি চুক্তিসহ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে ফখরুল সাংবাদিকদের বলেন, "ভারতের সঙ্গে সুসম্পর্কের বিষয়টি আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি। এ সম্পর্ক সমতার ভিত্তিতে গড়ে তুলতে হবে।" তিস্তা চুক্তির বিষয়ে কিছু না জানানোর জন্য সরকারের সমালোচনা করেন তিনি। ফখরুল বলেন, "আমরা এখনো স্পষ্ট নই- কী আছে চুক্তির খসড়ায়। সরকার এ বিষয়ে বিরোধী দল তো দূরের কথা, সংসদেও কোনো আলাপ করেনি। কোনো কিছু তারা জনসমক্ষে প্রকাশ করছে না। তারপরও আমরা দাবি করবোর, অবশ্যই তিস্তা চুক্তিতে গ্যারান্টি ক্লজ থাকতে হবে।" তিস্তা চুক্তির খসড়া নিয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছু বলা না হলেও ভারতের লোকসভা সদস্য আবু হাসেম খান চৌধুরী বিবিসিকে বলেছেন, চুক্তির খসড়া অনুযায়ী বাংলাদেশ ২৫ শতাংশ এবং ভারত ৭৫ শতাংশ পানি পাবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও স¤প্রতি ঢাকা সফর করে যাওয়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেননের বৈঠকের বরাত দিয়ে বৃহস্পতিবার কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, খসড়া অনুযায়ী শিলিগুড়ি থেকে ২৫ কিলোমিটার দূরে ভারতের গজলডোবা পয়েন্টে তিস্তায় প্রবাহিত পানির পরিমাণ হিসাব করে দু'দেশের মধ্যে পানিবণ্টন হবে। ৪৬০ কিউসেক হারে পানির সঞ্চয় রেখে বাকি পানির ৫২ শতাংশ নেবে ভারত, ৪৮ শতাংশ পাবে বাংলাদেশ। গ্যারান্টি ক্লজ অর্থাৎ শুষ্ক মৌসুমেও নির্দিষ্ট পরিমাণ পানির নিশ্চয়তা না থাকলে বাংলাদেশকে বিপদে পড়তে হবে বলে মনে করেন ফখরুল। "গঙ্গার পানি বণ্টন চুক্তিতে গ্যারান্টি ক্লজ না থাকায় ফারাক্কা বাঁধের কারণে এখন উত্তরাঞ্চলে মরুকরণ হয়েছে", বলেন তিনি। টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ বাঁধ নির্মাণ বন্ধ না হলে মেঘনা অববাহিকার তিন কোটি মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা, সমুদ্র সীমা নির্ধারণ, বাণিজের‌্য ভারসাম্যহীনতা দূর করতে মনমোহনের সফর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ফখরুল। "তবে জনগণের স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে তা মেনে নেওয়া হবে না। ওই চুক্তি বাস্তবায়নও হবে না", হুঁশিয়ার করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩২৬ ঘ.