ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির কথা মাথায় রেখে বিকল্প স্থানেও ঈদ জামাতের ব্যবস্থা করে রেখেছেন কর্তৃপক্ষ। সকল প্রস্তুতি শেষ পর্যায়ে, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা।
দেশের বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীতে সকাল ৮টা ১৫ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে।
সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ জামাতে ইমামতি করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জালালুদ্দিন আল-কাদেরী।
একই স্থানে সকাল নয়টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে। লালদীঘি জামে মসজিদে সকাল নয়টায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর আউটার স্টেডিয়ামে সকাল আটটা ৪৫ মিনিটে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এবার নগরীতে ২৬০ টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে এসকল জামাতের আয়োজন করা হয়েছে। এছাড়া নগীরর বিভিন্ন ঈদগাহ ময়দানে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট : অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটে প্রধান ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর শাহী ঈদগাহ ময়দানে। সকাল নয়টায় এখানে জামাত অনুষ্ঠিত হবে।
জামাতে ইমামতি করবেন বন্দরবাজার জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা হাফিজ আব্দুল করিম বীন মুশাহীদ।
এছাড়া সিলেটের উল্লেখযোগ্য ঈদের জামাতগুলোর মধ্যে হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদে সকাল আটটায়, হযরত শাহপরান (রহঃ) দরগাহ মসজিদে সকাল সাড়ে আটটায়, বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল আটটায়, নয়টায় ও ১০টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে আটটায় ও কাজির বাজার মাদ্রাসায় সকাল সাতটায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
আলিয়া মাদ্রাসা মাঠে মহিলাদের জামায়াতে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নগরীর সকল ঈদগাহ ময়দান ও বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বরিশাল : নগরীতে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হবে নগরীর বাঁধ রোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে সকাল নয়টায়।
স্টীমারঘাট মসজিদের খতিব বিশিষ্ট আলেম মাওলানা শরফ উদ্দিন আহম্মেদ বেগ নামাজে ইমামতি করবেন। ঈদের দিন বৃষ্টি থাকলে প্রধান জামাত জামে কসাই মসজিদে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ছারছিনা, চরমোনাই, ঝালকাঠীর নেছারাবাদ (কায়েদ সাহেব হুজুর), পটুয়াখালীর মির্জাগঞ্জ দরবার শরীফ ও বরিশালে গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স এ বরিশাল বিভাগের বৃহত্তর ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এছাড়া নগরীর প্রধান চারটি মসজিদে দুইটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কশাই জামে মসজিদ, বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল নয়টায় প্রথম নামাজ অনুষ্ঠিত হবে, সকাল ১০টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় নামাজ।
সকাল নয়টায় প্রথম ও সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এবাদুলল্লাহ জামে মসজিদে।
পুলিশ লাইনস জামে মসজিদ সকাল সাড়ে আটটায় প্রথম ও সাড়ে নয়টায় দ্বিতীয় জমায়েত অনুষ্ঠিত হবে।
বরিশাল বিভাগের বৃহত্তর ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে অটটায় পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলার ছারছিনা দরবার শরিফে।
সকাল ১০টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফ ও সাড়ে নয়টায় উজিরপুরের চাঙ্গুটিয়া (গুঠিয়া) বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স, সকাল সাড়ে নয়টায় ঝালকাঠী নেছারাবাদ (কায়েদ সাহেব হুজুর) দরবার শরিফে ও সকাল নয়টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ দরবার শরীফে।
ঈদের দিন দুযোগপূর্ণ আবহাওয়া থাকলে এ সময় সূচি পরিবর্তন হতে পারে।
এছাড়া সকাল সাড়ে আটটায় বরিশাল কেন্দ্রীয় কারাগার জামে মসজিদ, গোরস্তান রোড ঈদগাহ ময়দান, হোসাইনিয়া মাদরাসা মসজিদ, বরিশাল কলেজ জামে মসজিদ, পাওয়ার হাউজ জামে মসজিদ, করিম কুটির জামে মসজিদ।
সকাল নয়টায় বাজার রোড জামে মসজিদ, পোর্ট রোড জামে মসজিদ, নুরিয়া হাইস্কুল ঈদগাহ ময়দান, ল' কলেজ জামে মসজিদ, ব্রাউন্ড কাম্পাউড জামে মসজিদের ঈদের নামাজ অনুষ্ঠি হবে।
রাজশাহী : নগরীতে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর হযরত শাহ্ মখদুম (র:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
তবে আবহাওয়া বিরূপ থাকলে একই সময় প্রধান জামাত শাহমখদুম দরগা মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর উপ-পরিচালক সাইফুল ইসলাম।
তিনি জানান, ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে মহানগর টিকাপাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায়।
তৃতীয় জামাত মহানগরীর সাহেব বাজার বড় রাস্তায় সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল আটটায় নগরীর কাদিরগঞ্জ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।
নগরীর অন্যন্য জামাতের মধ্যে উপশহর হাউজিং এস্টেট বালিকা বিদ্যালয় মাঠে সকাল আটটায়, রাজশাহী বিশ্বদ্যিালয় (রাবি) কেন্দ্রীয় মসজিদে সাড়ে আটটায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সকাল সাড়ে আটটায়, সুলতানাবাদ মসজিদ কমপ্লেক্সে সকাল সোয়া আটটায়, হেতেম খাঁ বড় মসজিদ কমপ্লেক্সে সকাল পৌনে নয়টায়, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠে সকাল নয়টায়, লক্ষীপুর শাহী জামে মসজিদে সকাল সাড়ে আটটায় নামাজ অনুষ্ঠিত হবে।
রাজশাহী জেলা স্টেডিয়াম মাঠে সকাল সাড়ে আটটায়, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদে সকাল নয়টায়, শালবাগান গণপূর্ত মাঠে সকাল সাড়ে আটটায়, লোকনাথ স্কুল মাঠ ঈদগাহে সকাল সাড়ে আটটায়, প্যারামেডিক্যাল মসজিদুল কোবায় সকাল সাড়ে আটটায়, চন্ডিপুর প্রেসক্লাব ঈদগাহ মাঠে সকাল আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
খুলনা : আবহাওয়া ভাল থাকলে নগরীতে সকাল সাড়ে আটটায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে টাউন জামে মসজিদে সকাল আটটায়, নয়টায় এবং ১০টায় পরপর তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া নগরীর ৩১টি ওয়ার্ডের ঈদগাহে নিজস্ব সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রংপুর : ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল নয়টায়।
এছাড়া মুন্সিপাড়া ঈদগাহ ময়দানে সকাল নয়টায়, শালবন কৈলাশ রঞ্জন স্কুল মাঠে সকাল নয়টায়, পুলিশ লাইন স্কুল মাঠে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে জিলা স্কুল মাঠ, পলিটেকনিক কলেজ মাঠ, রবার্ট সন স্কুল মাঠ, মেডিকেল কলেজ মাঠসহ অন্যান্য স্থানে সকাল সাড়ে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। জামাত পরিচালনা করবেন মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
শোলাকিয়া ময়দানে এবার ১৮৪তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সাত একর জমির উপর প্রতিষ্ঠিত এই মাঠেই দেশের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এমইঊ/সিএম/প্রতিনিধি/সিএস/পিডি/২১০১ ঘ.
bdnews24