কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গার্মেন্ট ছুটি হওয়ায় ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে লঞ্চের ওপর। যাত্রীর চাপে সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চের সংখ্যাও বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ।
সোমবার সকালে মানুষের ভিড়ে দিশেহারা অবস্থা হয় সদরঘাটের বিআইডব্লিউটিএ'র কর্মকর্তাদের। দুপুরে একটু কমলেও বিকালে আবারো বাড়তে থাকে যাত্রীর সংখ্যা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চালাচল লঞ্চ মালিক সংস্থার জ্যেষ্ঠ সহ-সভাপতি বদিউজ্জামান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গামের্ন্ট ছুটি হওয়ায় যাত্রী বেড়েছে। রাতে আরো চাপ বেড়ে যাবে। আর মঙ্গলবার যাত্রীর চাপ থাকবে প্রচুর।
বিআইডব্লিউটিএ'র ঊর্ধ্বতন উপ-পরিচালক মো. আলী সিদ্দিক জানান, বিকাল ৪টা পর্যন্ত সদরঘাট থেকে ৫০টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।
"রোববার ৬২টি লঞ্চ ছাড়া হয়। এ সংখ্যা আজ বেশ বাড়বে বলে মনে হচ্ছে।"
তবে যাত্রী বাড়লেও সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, "ঈদ উপলক্ষে আমাদের বিশেষ লঞ্চ চালু রয়েছে।"
তিনি জানান, অন্য সময় যেখানে বরিশালে তিনটি লঞ্চ যায় সেখানে রোববার সাতটি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
বরাবরের মতো এবারও লঞ্চের ছাদে উঠে যাচ্ছে যাত্রীরা। তবে লঞ্চ মালিকরা বলছেন, "এটা কোনো সমস্যা নয়।"
ঈদ উপলক্ষে সদরঘাট থেকে ৩৯টি রুটে মোট ১৪৫টি লঞ্চ যাত্রী পরিবহনে নিয়োজিত রয়েছে।
লঞ্চে যাত্রী বাড়ার পেছনে বেহাল সড়কেরও ভূমিকা রয়েছে।
ইসমাইল হোসেন (৪৫) নামের এক যাত্রী বলেন, "অন্য সময় বাসে যাই। কিন্তু রাস্তা খারাপ হওয়ায় এবার লঞ্চে যাচ্ছি।" ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী ইসমাইল স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মাদারীপুরের কালকিনি যাবেন তিনি।
লঞ্চে ভাড়া নিয়ে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেন কেবিনের কয়েকজন যাত্রী।
ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগ অস্বীকার করে সুন্দরবন লঞ্চের ব্যবস্থাপক শাহ আলম ঝন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রীরা ২০০৮ সালের তালিকা দেখে এ অভিযোগ করছে। ২০১১ সালে যে ভাড়া পুনঃনির্ধারণ হয়েছে তা তাদের জানা নেই।
সদরঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. দাউদ জানান, ভালোভাবেই সবকিছু চলছে। এখন পর্যন্ত কোনো যাত্রী মালামাল খোয়া যাওয়ার অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/পিডি/২২৪৪ ঘ.
bdnews24