বাগেরহাট, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপালে নিজের গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় শ্যালোইঞ্জিনচালিত নসিমনের চাপায় মারা গেছেন এক বাসচালক।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের শ্রীফলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষোভের কারণে প্রায় দু'ঘণ্টা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও বাস মালিক সমিতির নেতারা এসে পরিস্থিতি শান্ত করেন।
নিহত বাসচালক বাবুল হাওলাদারের (৪২) বাড়ি খুলনার রূপসা উপজেলার রামনগর গ্রামে।
রামপাল থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রামপাল থেকে খুলনার রূপসাগামী যাত্রীবাহী বাসটি শ্রীফলতলা মোড়ে যাত্রী তুলতে থামে।
"ওই সময় চালক বাবুল বাস থেকে নেমে রাস্তার অন্য পাশের দোকানে যাওযার সময় একটি নসিমন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল মারা যান", বলেন তিনি।
পুলিশ নসিমনটি আটক করেছে, তবে এর চালক পালিয়ে গেছে।
লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬০৬ ঘ.
bdnews24