গাইবান্ধা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়মিত যাত্রা বিরতির দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুরে রংপুর ও দোলনচাঁপা এক্সপ্রেস অবরোধ করেছে এলাকাবাসী।
রোববার রাত সোয়া ৯টা থেকে ১১টা পর্যন্ত রংপুর এক্সপ্রেস এবং বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোলনচাঁপা এক্সপ্রেস নলডাঙ্গা স্টেশনে আটকে রাখে এলাকাবাসী।
নলডাঙ্গা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল মোমিন বলেন, নিয়মিত যাত্রা বিরতির দাবিতে বিকালে শান্তাহার থেকে দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস এবং রাতে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস আটকে রাখে এলাকাবাসী।
নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন জানান, গত ২২ জুন রংপুর-ঢাকা রেল রুটে উদ্বোধনের প্রথম দিনেও নলডাঙ্গা রেলস্টেশনে ওই ট্রেনটি অবরুদ্ধ করেছিল স্থানীয় জনতা।
সেদিন ট্রেনে থাকা যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ওই স্টেশনে যাত্রা বিরতির ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে জনগণ অবরোধ তুলে নেয়।
তিনি আরো জানান, এই স্টেশনে রংপুর এক্সপ্রেস'র নিয়মিত যাত্রা বিরতর ঘোষণা না দিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫০ ঘ.
bdnews24