২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে সৌদি বাদশার উপদেষ্টার সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন সৌদি বাদশার উপদেষ্টা ও সাবেক শিক্ষা মন্ত্রী ড. আবদুল্লাহ ওমর নাছের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন সৌদি বাদশার উপদেষ্টা ও সাবেক শিক্ষা মন্ত্রী ড. আবদুল্লাহ ওমর নাছের। শনিবার রাতে মক্কার রাজকীয় গেস্ট প্যালেসের স্যুটে এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়। খালেদা এই প্যালেসে অবস্থান করছেন। তার প্রেস সচিব মারুফ কামাল খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াসহ মুসলিম স¤প্রদায়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। প্রেস সচিব জানান, রোববার ইফতার ও তারাবিহর নামাজ শেষ করে বিরোধীদলীয় নেতা মক্কায় বিদায়ী ওমরাহ পালন করবেন। গত ২২ অগাস্ট খালেদা জিয়া মদিনা থেকে মক্কায় এসে ওমরাহ পালন করেন। বিদায়ী ওমরাহর আনুষ্ঠানিকতা শেষ করে সোমবার সকালে হযরত মুহাম্মদের (সা.) রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনা যাবেন। সেখান থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান প্রেস সচিব। মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার দেশে পৌঁছানোর কথা রয়েছে। গত ১৮ অগাস্ট রাতে ওমরাহ পালনের জন্য খালেদা জিয়া সৌদি বাদশার আমন্ত্রণে ওমরাহ পালনের জন্য এমির‌্যাটস এয়ারলাইন্সের বিমানে ঢাকা থেকে সৌদি আরব রওনা হন। প্রতিবছরই রমজানের শেষ দশ দিন খালেদা জিয়া সৌদি আরবে ওমরাহ পালন করেন। বিরোধীদলীয় নেতার সঙ্গে সফরসঙ্গীরা হচ্ছেন- তার ছোট ভাই শামীম এস্কান্দর, স্ত্রী কানিজ ফাতেমা, দুই ছেলে সায়েফ এস্কান্দার ও ফাসবীর এস্কান্দার, প্রেস সচিব মারুফ কামাল খান, বিরোধীদলীয় নেতার সহকারি একান্ত সচিব সুরতুজ্জামান ও আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ নুরু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৫২ ঘ.