কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ মানে এক অর্থে 'আনন্দ' হলেও আরেক অর্থে 'বায়নার' উপসঙ্গ। বিশেষ করে শিশুদের। শুধু পোশাক, জুতা নয়, তাদের চাই- নতুন খেলনাও। সেসব বিষয় মাথায় রেখে এবছর বাজারে যোগ হয়েছে দুইশ' ধরনের খেলনা।
খেলনা ব্যবসায়ীরা জানালেন, বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানের শুরু থেকেই খেলনার চাহিদা বেড়ে যায়।
পুরান ঢাকার মিটফোর্ড রোডের বিসমিল্লাহ টাওয়ার, মরিয়ম প্লাজা, তাজমহল মার্কেট, চক মার্কেট, খান মার্কেট ও নিউ মার্কেটের চন্দ্রিমা মাকের্টে শনি ও রোববার সরেজমিনে দেখা গেছে খেলনা দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
বিসমিল্লাহ টাওয়ারের তাইফা ট্রেডিংয়ের মালিক মো. মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ টাওয়ারে প্রায় ৭শ' দোকান রয়েছে। প্রায় প্রত্যেক দোকানে রয়েছে শিশুদের খেলনা।
এদের মধ্যে প্রায় একশ' দোকানি চীন থেকে খেলনা আমদানি করেন বলে জানায় মামুন।
তিনি বলেন, "সাধারনত আমরা বাচ্চাদের কথা চিন্তা করে, পুতুল, গাড়ি, লাটিম, বল, ছাতা, কলম, পান্ডা, অ্যাকুরিয়াম, কয়েন বক্স, ব্যাগ, মুখোশ, লক ডায়েরি এসব আমদানি করে থাকি। প্রায় দুই থেকে তিনশ' রকমের গাড়ি পাওয়া যায় এখানে। প্রকারভেদে দাম বিশটাকা থেকে এক হাজার টাকা।"
এবছর ঈদকে সামনে রেখে কতো রকমের খেলনা বাজারে এসেছে জানতে চাইলে মামুন জানান, প্রায় দুশো ধরনের খেলনা বাজারে আনা হয়েছে। শুধু গাড়ি এসেছে বিশ ধরনের।
আর বাজারে যেসব পুতুল পাওয়া যাচ্ছে এর বেশিরভাগের দাম ৫০ থেকে পাঁচ হাজারের মধ্যে। কোথাও কোথাও মিলছে বেশিদামী পুতুলও। তবে সেসব দোকানের সংখ্যা হাতেগোণা।
আলম ট্রের্ডাসের মালিক মালিক মো. আলম জানান, বাজারের প্রায় দেড়শ ধরনের পুতুল রয়েছে। প্রকারভেদে পুতুলগুলোর দাম ৫০ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া লাটিম রয়েছে ২০/২৫ ধরনের। দাম সত্তর থেকে দেড়শ' টাকা। আর বল রয়েছে প্রায় চল্লিশ রকমের। বিশ থেকে তিনশ' টাকা পড়বে দাম। বলের মধ্যেও রয়েছে রকমফের। যেমন, অ্যাকুরিয়াম বল, পানি বল, মাছ অ্যাকুরিয়াম বল।
এ ঈদে বিশ ধরনের বল আমদানি করা হয়েছে বলে জানালেন মো. আলম।
শুধু বল, লাটিম, পুতুল, গাড়ি নয়। বাজার ঘুরে দেখা গেল বাচ্চাদের জন্য পাওয়া যাচ্ছে নানান রকমের কলম। প্রকারভেদে এগুলোর নামও ভিন্ন। যেমন, স্মাইল কলম, গোলাপ কলম, কঁচিপাতা কলম, হাঁস কলম- এসব। দাম ১৫টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত। পাওয়া যাচ্ছে তিন ধরণের অক্টোপাসও। দাম দুইশ ৪০ থেকে দুইশ ৬০ টাকা।
এ ছাড়া চার ধরনের ছাতা, প্রায় একশ ধরনের পান্ডা, দেড়শ ধরনের ব্যাগ, ত্রিশ ধরনের কয়েন বক্স পাওয়া যাচ্ছে দোকানগুলোতে। শুধু কি তাই, ছোটদের পাশাপাশি বড়দেরও নজর কাড়ছে দূর নিয়ন্ত্রিত হেলিকপ্টার, রোবটের মতো খেলনাগুলো।
গুলশানে একটি ইংলিশ স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্রী নওশিন ইসলাম। মা ছোট বোন লাবিবা ও বড় বোনকে নিয়ে বিসমিল্লাহ টাওয়ারের গিয়ে বিভিন্ন ধরনের খেলনা কিনেছে সে।
নওশিনের মা জানান, তাদের ঈদের কেনাকাটা শেষ। এখন মেয়েরা খেলনার জন্য বায়না ধরেছে। তাই খেলনা কিনতে এসেছেন তিনি। "গুলশান থেকে অনেক যানজট অতিক্রম করে এখানে এসে সত্যি ভালো লাগছে। অনেক ধরনের খেলনা পাওয়া যায় এখানে।"
একই রকম অভিমত পোষণ করলেন নার্গিস আক্তার নামে এক চিকিৎসক। তিনি তার পাঁচ বছরের বাচ্চা পুলককে নিয়ে ধানমন্ডি থেকে পুরান ঢাকায় খেলনা কিনতে এসেছেন।
চক মার্কেটের সোহাগ ট্রের্ডাসের মালিক সাদ্দাম হোসেন জানান, তার দোকানে প্রায় সব ধরনের বাচ্চাদের গাড়ি পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে দূর নিয়ন্ত্রিত হেলিকপ্টার, গাড়ির মতো খেলনাগুলো। চিন থেকে এসব আমদানি করা হয়েছে বলে জানালেন তিনি।
পুরান ঢাকায় ভালো বেচাকেনা হলেও চন্দ্রিমা মার্কেটের দোকানিরা জানালেন, আগেরবারের তুলনায় তাদের বেচা বিক্রি হচ্ছে না। খেলনা বাজারে এখন চিনের তৈরি খেলনাগুলোরই চাহিদা বেশি। দেশীয় খেলনার তেমন চাহিদা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০১৫ ঘ.
bdnews24